আমিনুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক মানের শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিল্পী আমিনুল ইসলাম ছিলেন চিত্রশিল্প জগতে আমাদের সময়ের একজন নায়ক। শুধু শিল্পী হিসেবে নন, মানুষ হিসেবেও তিনি ছিলেন অনেক বড় মাপের। তাঁর সঙ্গে আমি ছবি এঁকেছি। বলা যায় তিনি আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। তাঁর সান্নিধ্য আমাকে ঋদ্ধ করেছে।’শিল্পী আমিনুল ইসলামের প্রয়াণে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত স্মরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এসব কথা বলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ‘আছে দুঃখ, আছে মৃত্যু’ রবীন্দ্রসংগীতটি গেয়ে শোনান শিল্পী বুলবুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বক্তারা বলেন, আমিনুল ইসলাম ছিলেন প্রকৃতই আন্তর্জাতিক মানের শিল্পী। ছবি আঁকার পাশাপাশি তিনি বিশ্ব চিত্রশিল্প জগতের অনেক খবর রাখতেন। বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে আমিনুল ইসলাম কাজ করেছেন। বাংলাদেশের অন্যতম প্রধান বহুমাত্রিক শিল্পী ছিলেন তিনি। শুধু শিল্পকলার চর্চাই নয়, মনেপ্রাণেও তিনি ছিলেন সম্পূর্ণ আধুনিক চিন্তা-চেতনার মানুষ। তাঁর শিক্ষকতার বিষয়টি উল্লেখ করে আলোচকেরা বলেন, তিনি ছিলেন একজন সফল শিক্ষক। ছাত্রদের সব সময় কাজে ব্যস্ত রাখতেন। ছাত্রদের কাজে অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। তাঁরা শিল্পী আমিনুল ইসলামের শিল্পকীর্তির মূল্যায়নের পাশাপাশি তাঁর সঙ্গে নিজেদের সান্নিধ্যের স্মৃতিচারণা করেন। আলোচনা ও স্মৃতিচারণায় অংশ নেন শিল্পীর স্ত্রী রুবী ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পসমালোচক সাদেক খান, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, আবু তাহের, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, খুশী কবীর, শিল্পী নাসিম আহমেদ নাদভী, তৈয়বা বেগম প্রমুখ।