আমিনুল ইসলামের মরণোত্তর প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা ষ প্রথম আলো
‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা ষ প্রথম আলো

দেশের প্রথম প্রজন্মের চিত্রশিল্পী আমিনুল ইসলাম সব সময় নবীন শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখতেন, অভিজ্ঞতা বিনিময় করতেন, এমনকি ঘনিষ্ঠ হয়ে তাঁদের সঙ্গে আড্ডা দিতেও তাঁর এতটুকু দ্বিধা ছিল না। তাঁর মৃত্যুর পরও যেন নবীনেরা তাঁর কাছ থেকে প্রেরণা পান, সে জন্য তিনি ব্যক্তিগত আর্থিক সঞ্চয় থেকে তাঁদের জন্য পুরস্কারের পরিকল্পনা করেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পরিবার শিল্পীর স্বপ্নপূরণে উদ্যোগ নিয়েছে। প্রবর্তন করা হয়েছে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’। গতকাল প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিল্পী হাবীবা আখতার ও আনিসুজ্জামান সোহেলের হাতে পুরস্কার তুলে দেন বরেণ্য শিল্পী মুর্তজা বশীর। প্রতিটি পুরস্কারের অর্থমান এক লাখ টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, রফিকুন নবী এবং শিল্পীর স্ত্রী রুবী ইসলাম। সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন শিল্পীর প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।
এই পুরস্কারের জন্য ২২ থেকে ৪০ বছর বয়সী তরুণ শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা আহ্বান করা হয়েছিল। মোট ১৪৪ জন শিল্পী প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্মের ইমেজ জমা দেন। নির্বাচন কমিটির মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য ১০ জন শিল্পীকে মনোনীত করা হয়। ১০ জন শিল্পীর শিল্পকর্ম থেকে তিন সদস্যের বিচারকমণ্ডলী পুরস্কারের জন্য দুজন শিল্পীকে মনোনীত করেন। প্রতিযোগিতা আহ্বান, প্রদর্শনী আয়োজনসহ পুরস্কার প্রদান বিষয়াদির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতি দুই বছর পর এই পুরস্কার দেওয়া হবে।
প্রদর্শনীতে ১০ জন শিল্পীর মোট শিল্পকর্মের সংখ্যা ৩২। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: শিল্পী রুহুল করিম, আবদুল্লাহ আল বশীর, আনিসুজ্জামান সোহেল, আশরাফুল হাসান, বিশ্বজিৎ গোস্বামী, ফারজানা আহমেদ, গোপাল চন্দ্র সাহা, হাবিবা আখতার, আলমগীর হাসান ও সহিদ কাজী।

নিরীক্ষার প্রবণতা সবচেয়ে প্রখরভাবে প্রকাশ পায় তরুণদের কাজে। কলমের ড্রয়িং থেকে শুরু করে তেলরং, অ্যাক্রিলিক হয়ে ছাপচিত্র, ভাস্কর্য ও ভিডিও স্থাপনাসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীর কাজগুলোতে বর্তমান সময়ের সামাজিক পরিস্থিতি প্রাধান্য পেয়েছে। এটি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
শিল্পী আমিনুল ইসলাম (১৯৩১-২০১১) ছিলেন দেশের আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এই অঞ্চলের প্রথম প্রজন্মের এই শিল্পীর নিরবচ্ছিন্ন শিল্পচর্চা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে।