আমির খানকে ক্ষমা চাইতে বললেন চিকিৎসকেরা
বিভিন্ন সামাজিক অসংগতি প্রসঙ্গ নিয়ে নির্মিত ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের চতুর্থ পর্বে আমির খান অভিযোগের আঙুল তুলেছেন চিকিৎসকদের প্রতি। তাঁদের কর্তব্যে অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। এতে ক্ষুব্ধ হয়ে ২১টি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকেরা আমিরকে ক্ষমা চাইতে বলেছেন।এ প্রসঙ্গে মেডস্কেপ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা হিমাংশু মেহতার উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ‘চিকিৎসকদের নিয়ে এ ধরনের নির্লজ্জ এবং একপেশে সমালোচনার বিষয়টি খুবই দুঃখজনক। সত্যমেভ জয়তে অনুষ্ঠানে চিকিৎসকদের কর্তব্যে অবহেলার বিষয়টিকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা খুবই অন্যায় হয়েছে। এ জন্য আমিরের উচিত ক্ষমা চাওয়া।’মেডস্কেপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুনীতা দুবে বলেছেন, ‘আমির খান আমার প্রিয় অভিনেতা। শুধু চলচ্চিত্র নিয়েই তাঁর থাকা উচিত। অবাক ব্যাপার হলো এখন পর্যন্ত আমিরের বিপক্ষে টু শব্দটিও করেননি কোনো চিকিৎসক। আমাদের সম্মিলিতভাবে এই ডাহা মিথ্যে অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিগগিরই আমিরকে ক্ষমা চাওয়ার জন্য চিঠি পাঠাব আমরা।’মেডস্কেপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় সময়ই কোনো রকম দোষ ছাড়াই চিকিৎসকদের হেনস্তা করা হয়। কিন্তু তখন কেউ আওয়াজ তোলেন না বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট কিশোর তাওরি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘চিকিৎসকদের যখন হেনস্তা করা হয়, তখন আমির কেন নীরব থাকেন? দরিদ্র রোগীদের যখন আমরা বিনামূল্যে চিকিৎসা দিই, সেটা কেন তুলে ধরেন না তিনি?’