আমির খানের প্রতিজ্ঞা পূরণ
কথা দিয়ে কথা রাখার জন্য সুনাম আছে বলিউডের অভিনেতা আমির খানের। সম্প্রতি আবারও তার প্রমাণ রাখলেন তিনি। আমিরের সঞ্চালনায় ‘সত্যমেভ জয়তে’ টিভি রিয়েলিটি শোটির এক পর্বে হাজির হয়েছিলেন গৃহসন্ত্রাসের শিকার নারী ক্যাবচালক শানু। সে অনুষ্ঠানে আমির তাঁকে কথা দিয়েছিলেন যে যখনই আমির দিল্লি যাবেন, তখনই তিনি শানুর গাড়ি ভাড়া করবেন। সম্প্রতি দিল্লি ভ্রমণে গিয়ে আমির সেই প্রতিজ্ঞা পূরণ করেছেন।চিকিত্সকদের দায়িত্বে অবহেলা নিয়ে গবেষণার ফলাফল পার্লামেন্টারি প্যানেলের হাতে তুলে দিতে সম্প্রতি নয়াদিল্লি সফরে যান আমির। সেখানে গিয়েই তিনি শানুর ক্যাব ভাড়া করেন এবং শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। দিল্লি সফরের পুরোটা সময়েই শানু তাঁর ক্যাব নিয়ে আমিরের সঙ্গে ছিলেন। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।উত্তর প্রদেশে ‘থ্রি-ইডিয়টস’ ছবির প্রচারণার সময় অটোরিকশা চালক রাম লক্ষ্মণের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আমিরের। তাঁকে ছেলের বিয়ের আমন্ত্রণ জানাতে মাস-তিনেক আগে সুদূর বেনারস থেকে মুম্বাই এসেছিলেন রাম লক্ষ্মণ। শত ব্যস্ততা সত্ত্বেও বন্ধু রাম লক্ষণের ছেলের বিয়েতে অতিথি হওয়ার কথা দিয়েছিলেন আমির। এ বছরের এপ্রিলে ঠিক ঠিক তিনি বেনারস পৌঁছেছিলেন সে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।এবার শানুর কাছে দেওয়াও প্রতিজ্ঞাটি পূরণ করলেন আমির।