আমিরপুত্র জুনায়েদের বলিউড অভিষেক!

ঋষি কাপুরতনয় রণবীর, অমিতাভপুত্র অভিষেক আর রাকেশ রোশনের ছেলে হূতিকের পথ অনুসরণ করে এবার বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ছেলে জুনায়েদ খান।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘ওয়ান ইন্ডিয়া’ জানিয়েছে, ক্যামেরার পেছনে কাজ করার পর এবার চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা করছেন জুনায়েদ খান। তিনি বেশ আটঘাট বেঁধেই বলিউডে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। সাত মাস ধরে অভিনয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন জুনায়েদ। এ ছাড়া আকর্ষণীয় শারীরিক অবয়ব পাওয়ার জন্যও উঠেপড়ে লেগেছেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, ফারহান আখতার, প্রিয়াংকা চোপড়াসহ বলিউডের বেশ কয়েকজন তারকার শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন শরীরচর্চা প্রশিক্ষক সমীর জাউরা। জুনায়েদ তাঁর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে তার ব্যবস্থা করে দেন আমির খান।
জুনায়েদের মা আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। অনেক আগে থেকেই ছবি নির্মাণপ্রক্রিয়ার প্রতি তীব্র আকর্ষণ ছিল জুনায়েদের। বরাবরই স্বপ্ন দেখেছেন ছবি তৈরির কারিগর হওয়ার। মূলত এ কারণেই মাত্র ১৭ বছর বয়সে রুপালি জগতের সঙ্গে নিজেকে জড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। গত বছর ‘থ্রি ইডিয়টস’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রাজকুমার হিরানির ‘পিকে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে বলিউডে তাঁর যাত্রা শুরু। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন আমির খান।