আমিরের জন্য জ্বর নিয়েই ক্যাটরিনার শুটিং!
ধুম ৩’ ছবিতে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও আমির খান। প্রচণ্ড জ্বরে আক্রান্ত ক্যাটরিনাকে বিছানা-বিশ্রামেই থাকতে বলেছিলেন চিকিত্সকেরা। কিন্তু ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে শুটিং শিডিউল মেলাতে সম্প্রতি জ্বর নিয়েই ‘ধুম ৩’ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আবারও পেশাদার মনোভাবের পরিচয় দিলেন ক্যাটরিনা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় বেশ কাহিল হয়ে পড়েছেন ক্যাটরিনা। শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হওয়া সত্ত্বেও তিনি আমিরের সঙ্গে ‘ধুম ৩’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। কারণ ক্যাটের সঙ্গে অভিনয়ের জন্য আগে থেকেই শিডিউল দিয়ে রেখেছিলেন আমির।সূত্রটি আরও জানিয়েছে, ছবির শুটিংয়ের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না—ক্যাটরিনা এর আগেও তা প্রমাণ করেছেন। অসুস্থ শরীর নিয়ে সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’ ছবির শুটিং করেছিলেন তিনি। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আমির-ক্যাটরিনা। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করছেন জন অ্যাব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জ্যাকি শ্রফ প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর।