আমিরের হাতে চোরাবাজারের রেডিও!
নিজে চুরি না করলেও চোরাই মার্কেট বা চোরাবাজারের খোঁজ-খবর বুঝি বেশ রাখেন আমির খান! তাঁরই পরামর্শে ভারতের মুম্বাইয়ের চোরাবাজার থেকে পাওয়া গেছে প্রাচীনতম একটি রেডিওর খোঁজ।চুরি করা পণ্যের বাজার বা চোরাবাজার থেকে পুরোনো রেডিওটি কিনেছেন বলিউডের অভিনেতা আমির খান। পরবর্তী চলচ্চিত্রে এ রেডিও ঘাড়ে করে ঘুরে বেড়াতে দেখা যাবে তাঁকে।ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ চলচ্চিত্রের জন্য শুটিং করছেন আমির খান। বর্তমানে রাজস্থানে চলছে শুটিংয়ের কাজ। সেখানে চোরাবাজার থেকে কেনা একটি রেডিও ব্যবহার করছেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা।আমির খানের পরামর্শেই বহু পুরোনো রেডিওটি কিনে এনেছে ‘পিকে’ চলচ্চিত্রের প্রোডাকশন টিম।আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলচ্চিত্রের প্রয়োজনে একটি পুরোনো রেডিওর প্রয়োজন ছিল। প্রোডাকশন টিম এ রকম একটি রেডিও খুঁজতে গিয়ে যখন হয়রান, তখন আমির খানের পরামর্শে চোরাবাজার থেকে কিনে আনা হয়েছে রেডিওটি। আমির খানকে ‘পারফেকশনিস্ট’ বলেই মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা। চলচ্চিত্রের দৃশ্য তিনি বাস্তবিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। পুরোনো এ রেডিও ব্যবহূত হবে তেমনই একটি দৃশ্যে।