
সেদিন রিমোট হাতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ চোখ আটকে যায় ভিনদেশি চ্যানেল স্টার ওয়ার্ল্ডে। আফনান নামের ১২ বছরের এক ছেলে হেঁশেল কাঁপিয়ে রান্না করছে! তার চোখ-মুখ, অভিব্যক্তি, বাচনভঙ্গিতে বাঙালিপনা। কে এই আফনান?
সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা গেল, ছেলেটি আসলে বাংলাদেশেরই। ‘মাস্টারশেফ জুনিয়র ইউএস’-এর পঞ্চম মৌসুমের সেরা ১০-এ উঠে এসেছে সে। লড়াই করছে যুক্তরাষ্ট্রের পাকা পাকা খুদে রাঁধুনির সঙ্গে।
পুরো নাম আফনান আহমেদ। আফনানের পরিবার থাকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়। আফনানের ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় তার বাবা সৈয়দ আহমেদ সোহেলের সঙ্গে। জানা যায়, আফনানদের বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদে। মা-বাবার একমাত্র ছেলে সে।

আফনান এখন সেরা–১০ ‘জুনিয়র মাস্টারশেফ’-এর একজন। এগিয়ে আছে অনেক শ্বেতাঙ্গ ‘জুনিয়র’ রাঁধুনির চেয়ে। তাকে নিয়ে আটলান্টায় এখন দারুণ উচ্ছ্বাস। আফনান অংশ নিচ্ছে বড় বড় টিভি টক শো, রান্নার অনুষ্ঠানে। সেখানে সে রাঁধছে, বলছে তার অনুপ্রেরণার কথা। আফনান বলে, মা শামীমার কাছ থেকে তার রান্না শেখা শুরু। মা-ই তার অনুপ্রেরণা।
গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাস্টারশেফ জুনিয়র ইউএস-এর পঞ্চম মৌসুম। যুক্তরাষ্ট্রে প্রতি বৃহস্পতিবার ফক্স নেটওয়ার্কের চ্যানেলে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা অনুষ্ঠানটি দেখতে পারবেন প্রতি রোববার রাত সাড়ে ৯টায় স্টার ওয়ার্ল্ডে। এবারের মৌসুম উপস্থাপনা ও বিচার করছেন বিশ্বখ্যাত রন্ধনশিল্পী গর্ডন র্যা মসে ও ক্রিস্টিনা টোসি।
আফনানের বাবা আহমেদ সোহেল বলেন, প্রায়ই পরিবারকে নিয়ে বাংলাদেশে আসেন তাঁরা। আফনানকে নিয়েও অনেকবার দেশে ঘুরে গেছেন। এমনকি একবার টানা ছয় মাসও এখানে ছুটি কাটিয়েছেন। সে সময় কিছুদিন বাংলাদেশের একটি স্কুলেও পড়াশোনার সুযোগ পেয়েছিল আফনান।