আয়রন মেইডেনের সাবেক ড্রামার ক্লাইভ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন যুক্তরাজ্যের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড দল আয়রন মেইডেনের সাবেক ড্রামার ক্লাইভ বার। প্রায় এক যুগ মাল্টিপল স্ক্লরোসিস রোগের সঙ্গে যুদ্ধ করে গত ১২ মার্চ মঙ্গলবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ক্লাইভ। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।আয়রন মেইডেনের প্রতিষ্ঠাতা ও বেজ গিটারিস্ট স্টিভ হ্যারিস ব্যান্ডটির ওয়েবসাইটে ক্লাইভের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে স্টিভ লিখেছেন, ‘এটা আমাদের জন্য ভয়ংকর দুঃসংবাদ। ক্লাইভ চমত্কার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ড্রামার হিসেবে তিনি ছিলেন অতুলনীয়।’স্টিভ আরও লিখেছেন, ‘আয়রন মেইডেনের শুরুর দিনগুলোতে ক্লাইভকে পাশে পেয়েছিলাম আমরা। ব্যান্ডটির সাফল্যের পেছনে তাঁর মূল্যবান অবদান আমরা কখনোই ভুলব না।’ জানিয়েছে বিবিসি অনলাইন।ব্যান্ডের সাবেক সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আয়রন মেইডেনের মূল গায়ক ব্রুস ডিকিনসন। তিনি বলেছেন, ‘মাল্টিপল স্ক্লরোসিস রোগে আক্রান্ত হয়ে জীবনের অন্ধকারাচ্ছন্ন সময়েও ভেঙে পড়েননি ক্লাইভ। বরাবরের মতো জীবনের শেষ দিনগুলোতেও হাসি-ঠাট্টায় মেতে থাকতে দেখা গেছে তাঁকে।’ক্লাইভের দেহে মাল্টিপল স্ক্লরোসিস রোগ ধরা পড়েছিল ২০০১ সালে। সেই থেকে তাঁর পাশে ছিলেন আয়রন মেইডেন ব্যান্ডের সব সদস্য। তাঁরা ক্লাইভের চিকিত্সাসহ যাবতীয় ব্যয় বহনের জন্য ক্লাইভ বার এমএস ট্রাস্ট ফান্ড গঠন করেন। তহবিল গঠনের লক্ষ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে আয়রন মেইডেন।আয়রন মেইডেনের যাত্রা শুরুর চার বছর পর ১৯৭৯ সালে ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন ক্লাইভ বার। ১৯৮০ সালে প্রকাশিত ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আয়রন মেইডেন’-এ বাজিয়েছেন তিনি। ব্যান্ডটির পরবর্তী ‘কিলারস’ (১৯৮১) অ্যালবামের সঙ্গেও যুক্ত ছিলেন ক্লাইভ।১৯৮২ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট’। আয়রন মেইডেনের সবচেয়ে জনপ্রিয় এই অ্যালবামেও ড্রামার হিসেবে ছিলেন ক্লাইভ বার। একই বছর ব্যান্ডটির ‘দ্য বিস্ট অন দ্য রোড’ ট্যুরের সময় তাঁর স্থলাভিষিক্ত হন আয়রন মেইডেনের বর্তমান ড্রামার নিকো ম্যাকব্রেন।