আয়ারল্যান্ড গেলেন অরুণ

‘দীপু নাম্বার টু’ সিনেমার দীপুকে নিশ্চয়ই মনে আছে! কিশোর বয়সী সেই দীপুর আসল নাম অরুণ সাহা। ‘দীপু নাম্বার টু’ ছবিতে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাকে। না দেখার পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। পড়াশোনা এবং চাকরির সুবাদে থেকেছেন দেশের বাইরে। মাঝে অবশ্য দেশে এসেছেন, করেছেন বেশ কয়েকটি কাজ। এরমধ্যে আছে একটি বিজ্ঞাপন ও কয়েকটি নাটক। প্রচার হচ্ছে সেগুলি। তবে অরুণ সাহার মূল আগ্রহ সংগীতে।
সংগীত নিয়ে পড়াশোনা করতে এরইমধ্যে দেশ ছেড়েছেন অরুণ। গন্তব্য—আয়ারল্যান্ড। সেখানকার ডাবলিন শহরের ‘নিউপার্ক মিউজিক সেন্টার’-এ দু’বছরের একটা কোর্স করবেন তিনি। তার পড়াশোনার বিষয় ‘বার্কলি ট্রাক’ (হায়ার সার্টিফিকেট অব মিউজিক) ।
গতমাসের শেষ দিকে আয়ারল্যান্ড গেছেন অরুণ। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘মিউজিক নিয়ে পড়াশোনা আমার স্বপ্ন। ওখানে দুই বছরে কোর্স শেষ করার পর বিশ্বের একটি নামকরা কলেজে পড়ার সুযোগ পাব। এরপরই আমার স্বপ্নটা পূরণ হবে।’
অরুণ জানান, নিউ পার্ক মিউজিক সেন্টারে প্রায় হাজারখানেক শিক্ষার্থী পড়াশোনা করে। এটা ডাবলিন-এর অন্যতম সেরা স্কুল।
তবে এতকিছুর পরে অরুণ সাহার ইচ্ছে দেশে এসে কিছু করার। নিয়মিত অভিনয় করার প্রতিও আগ্রহ আছে তার। মুঠোফোনে বলেন,‘আমি পড়াশোনা শেষ করে দেশেই কাজ করতে চাই।’