আয়ে স্পিলবার্গকে ডিঙিয়ে গেলেন ম্যাডোনা!

গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন ‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনা। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্টিভেন স্পিলবার্গের চেয়ে ২৫ মিলিয়ন ডলার বেশি আয় করে ‘ফোর্বস’ ম্যাগাজিনের সবচেয়ে বেশি আয়কারী তারকার তালিকায় শীর্ষস্থানে নাম লিখিয়েছেন ৫৫ বছর বয়সী মার্কিন এই গায়িকা।
গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ম্যাডোনা আয় করেছেন ১২৫ মিলিয়ন ডলার। তাঁর এই আয়ের প্রায় পুরোটাই এসেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত ‘এমডিএনএ’ ট্যুর থেকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ফিমেলফার্স্ট’ পত্রিকা।
গত বছরের মার্চে মুক্তি পায় ম্যাডোনার সর্বশেষ অ্যালবাম ‘এমডিএনএ’। একদমই ব্যবসায়িক সাফল্য পায়নি অ্যালবামটি। এই অ্যালবাম থেকে ম্যাডোনার আয় হয়েছে এক মিলিয়ন ডলারেরও কম। গত বছরের ৩১ মে থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ‘এমডিএনএ’ ট্যুরে অংশ নেন ম্যাডোনা।
গত এক বছরে ১০০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন স্টিভেন স্পিলবার্গ। ৯৫ ডলার আয় করে তালিকায় তৃতীয় অবস্থানে আছেন তিনজন। তাঁরা হলেন ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত ব্রিটিশ সাহিত্যিক ই.এল জেমস, মার্কিন টিভি ও রেডিও ব্যক্তিত্ব হাওয়ার্ড স্টার্ন এবং ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব সিমন কোয়েল।
তালিকার সেরা দশে ঠাঁই পাওয়া অন্যদের মধ্যে আছেন টিভি উপস্থাপক গ্লেন বেক, ‘ট্রান্সফরমার্স’ ছবির নির্মাতা মাইকেল বে, ঔপন্যাসিক জেমস প্যাটারসন প্রমুখ।