আয়ের অঙ্কে ভাইকে ছাপিয়ে গেলেন জ্যানেট
বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠালেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন। সম্প্রতি ১০০ কোটি ডলারের মালিক বনে গেছেন প্রয়াত ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের এই ছোট বোন। এর মধ্য দিয়ে জ্যাকসন পরিবারের সবচেয়ে ধনাঢ্য সদস্যের খাতায় নাম লেখালেন তিনি। কারণ, জীবদ্দশায় কখনোই ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁতে পারেননি জ্যাকসন। কনসার্ট ও অডিও অ্যালবামের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের স্পনসর হিসেবে দায়িত্ব পালন করে এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন জ্যাকসন পরিবারের সর্বকনিষ্ঠ এ সদস্য। সাংস্কৃতিক জগতের ধনাঢ্য নারী হিসেবে এত দিন উচ্চারিত হয়েছে অপরাহ উইনফ্রে ও ‘হ্যারি পটার’ লেখিকা জে কে রাওলিংয়ের নাম। এবার তাঁদের কাতারে শামিল হলেন ৪৭ বছর বয়সী জ্যানেট। জানিয়েছে ডেইলি মেইল। কনসার্ট ট্যুর থেকে ৪৫৮ মিলিয়ন, চলচ্চিত্রে অভিনয় থেকে ৩০৪ মিলিয়ন ও অ্যালবাম বিক্রি থেকে ২৬০ মিলিয়ন ডলার আয় করেছেন জ্যানেট জ্যাকসন। আর বিভিন্ন অনুষ্ঠানের স্পনসর হিসেবে দায়িত্ব পালন করে তিনি আয় করেছেন ৮১ মিলিয়ন ডলার।