আর কবে শোধরাবেন লিন্ডসে!
আদালতের এক আদেশে পাক্কা তিন মাস মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে একরকম বন্দীই থাকতে হবে লিন্ডসে লোহানকে। এ ছাড়া, এক মাস কমিউনিটি সার্ভিস প্রদান এবং ১৮ মাস মানসিক চিকিত্সা নেওয়ার আদেশ পেয়েছেন তিনি। এত কিছুর পরও থেমে নেই লিন্ডসের বুনো জীবনযাপন। গত বছরের জুনে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন লিন্ডসে। দুর্ঘটনার সময় নিজে গাড়ি চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি বেমালুম অস্বীকার করে বসেন তিনি। পুলিশের সঙ্গে মিথ্যাচারের অভিযোগে পরে মামলা হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলায় সম্প্রতি সাজা পেয়েছেন লিন্ডসে। কিন্তু সাজা পাওয়ার পরও তিনি আগের মতোই অসংযত জীবনযাপন করছেন। পানশালায় গিয়ে মদ্যপান, পার্টিতে মেতে থাকা—এই নিয়েই আছেন তিনি। এক খবরে জানিয়েছে টিএমজি। এ প্রসঙ্গে লিন্ডসের কাছের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বেভারলি হিলসের একটি পানশালায় মদ পান করতে দেখা গেছে লিন্ডসেকে। এ ছাড়া, সান ডিয়েগোর ফ্লাক্স নৈশ ক্লাবে এক বন্ধুর সঙ্গে মধ্যরাতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেও একই ঘটনা। তবে কেউ যাতে তাঁর মদপানের বিষয়টি আঁচ করতে না পারে, সে জন্য তিনি সতর্ক ছিলেন। টেবিলের ওপর কোনো মদের বোতল না রেখে শুধু কাচের গ্লাসে তা পরিবেশনের অনুরোধ করেন তিনি। এ ছাড়া, কথিত নতুন প্রেমিক এভি স্নো এবং একদল সাঙ্গোপাঙ্গ নিয়ে সান্তা মনিকার একটি নৈশক্লাবে পার্টিতে মাততে দেখা গেছে হলিউডের প্রবলেম সেলিব্রেটি খ্যাত লিন্ডসেকে। মূলত, প্রেমিকের ব্যান্ডের পরিবেশনা দেখতে তিনি সেখানে গিয়েছিলেন। অল্প কয়েক দিন হলো স্নোর সঙ্গে অভিসারে মেতেছেন লিন্ডসে। ‘সিটি অব দ্য সান’ ব্যান্ডে গিটার বাজান স্নো। তিন মাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থাকার আদেশ পেলেও লিন্ডসে নিজেকে মাদকাসক্ত মনে করেন না বলে জানিয়েছেন তাঁর কাছের এক বন্ধু। লিন্ডসে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চিকিত্সা নেওয়ার প্রয়োজন অনুভব করেন না বলেও জানান তাঁর ওই বন্ধু।