আর কিছু চাই না আমি গান ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান শুরুর আগেই পূর্ণ হয়ে গিয়েছিল জাতীয় নাট্যশালার সব কটি আসন। বাইরে অকালপ্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের প্রতিকৃতি। নাট্যশালার করিডরে তখন বাজছিল বাঁশি আর দোতারার করুণ সুর।

কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় এমন দৃশ্যই দেখা গেল। শিল্পীরা গানে গানে স্মরণ করলেন কালিকাপ্রসাদকে।

কোনো এক সন্ধ্যায় কলকাতায় আলাপকালে কালিকা বলেছিলেন, ‘আসলে বাংলাদেশটা আমার নিজেরই ভূমি। আমার আরেক সত্তা। জন্মগতভাবেও আমি একাত্তরের সন্তান।’ ১৯৭০-এর ১১ সেপ্টেম্বর আসামের শিলচরে জন্ম কালিকাপ্রসাদের। সংগীতের আবহেই জন্ম হয়েছিল কালিকাপ্রসাদের। কাল যখন তাঁকে স্মরণ করে জাতীয় নাট্যশালায় অনুষ্ঠান শুরু হচ্ছিল, তখন বারবার বাজছিল শাহ আবদুল করিমের সেই গান, ‘আর কিছু চাই না আমি গান ছাড়া’।

‘আজ আমরা সাদা পোশাকে এসেছি। এমনই শুভ্র মনের নিষ্পাপ শিশুর মতো মানুষ ছিলেন কালিকা। আপাদমস্তক শিল্পী, আপাদমস্তক বাঙালি, আপাদমস্তক মানুষ ছিলেন কালিকা। বাংলার লোকগানের প্রতি তাঁর যে আগ্রহ আর জ্ঞান, তা তুলনাহীন। দুই বাংলার লোকসংগীতের মেলবন্ধন রচনা করেছিলেন কালিকা’—বলছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর কিছুক্ষণ আগেই কথা বলতে গিয়ে বারবার বাষ্পরুদ্ধ হলেন লোপামুদ্রা মিত্র।

ছোট্ট আলাপনে কালিকাপ্রসাদের স্ত্রী ঋতুচেতা ভট্টাচার্য বলেন, ‘কালিকার চলে যাওয়ার পরে আশপাশে অনেক আয়োজন হয়েছে, যাইনি। কিন্তু, আজকের এই আয়োজনে না এসে পারিনি।’

সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। মঞ্চে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি শামসুল আরেফিন, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, অভিনয়শিল্পী শিমূল ইউসুফ, সংগীতশিল্পী বুলবুল ইসলাম প্রমুখ। মঞ্চে আবারও প্রদীপ প্রজ্বালন করেন সবাই।

হৃদয়স্পর্শী এই আয়োজনে সহযোগিতা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বাউল টুটুল, অনিমা মুক্তি গোমেজ, আবু বকর সিদ্দিক ও জলের গান। গানের ফাঁকে ফাঁকে কালিকাপ্রসাদের জীবনী ও সাক্ষাৎকারনির্ভর তথ্যচিত্র আমি তোমারই নাম গাই প্রদর্শিত হয়। ছিল সুবচন নাট্য সংসদের পরিবেশনা।