আর পাঁচ দিন শুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর পাঁচ দিন শুটিং হলেই শেষ হয়ে যাবে তানিম রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আদি’-এর কাজ। এমনটাই জানালেন এ নির্মাতা। গত রোববার রাতে তিনি শুটিং করছিলেন ইস্কাটনের একটি শুটিংবাড়ির সামনে। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছিলেন ‘আদি’-এর অভিনয়শিল্পী এ বি এম সুমন ও সায়লা সাবি। রাস্তার ধারে কথা বলার একটি দৃশ্যের ধারণ চলছিল সেখানে।
দৃশ্য ধারণ শেষে কথা হয় নির্মাতার সঙ্গে। তিনি বলেন, ‘ছবির শুটিং মোটামুটি শেষ। আজকের কাজ শেষ করে এফডিসিতে সেট ফেলব। তারপর বাইরে কিছু শুটিং করে তবেই কাজ শেষ হবে। সব মিলিয়ে আমরা আর পাঁচ দিন শুটিং করব।’
এ বছরের প্রথম দিকে ‘আদি’ ছবির শুটিং শুরু হয়েছিল। এর মধ্যে ছবিটির একটি গান ও টিজার মুক্তি দেওয়া হয়েছে। পরিচালক জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়া হবে।
