আর বিয়ে নয়: কেটি প্রাইস
ব্রিটিশ অভিনেত্রী ও মডেল কেটি প্রাইস ঘোষণা দিয়েছেন, তিনি আর বিয়ের মধ্যে নেই। অবশ্য তিনি দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। প্রথম স্বামী পিটার এন্ড্রের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায় এবং দ্বিতীয় স্বামী এলেক্স রিইডের কাছ থেকে অনেক দিন থেকেই তিনি আলাদা থাকছেন।টাইমস অব ইন্ডিয়ার এক খবরে কেটি প্রাইস জানিয়েছেন, তিনি আর বিয়ে করবেন না। কারণ বিয়ে ও ছাড়াছাড়ির ব্যাপারটা খুবই ব্যয়বহুল। তিনি এও বলেন, ‘আমি মনে করি, এটা বড় ধরনের একটা ঝামেলাও বটে। এ ধরনের বাড়তি ঝামেলার মধ্যে জেনেশুনে কেউ জড়াবে বলেও আমার মনে হয় না।’বিয়ে-শাদিতে আপাতত না জড়ালেও কেটি প্রাইস বর্তমানে চুটিয়ে প্রেম করছেন। তাঁর এই নতুন প্রেমিক হচ্ছেন আর্জেন্টাইন মডেল লিয়েন্ড্রো পেন্না।কেটি প্রাইস তাঁর প্রেমিক লিয়েন্ড্রো সম্পর্কে বলেন, ‘২৬ বছরে পা দিলেও সে যথেষ্ট পরিণত একজন মানুষ। সে আমার প্রতি এত বেশি যত্নশীল যে ছোটখাটো বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। যা আমাকে মুগ্ধ করেছে।’এখন দেখার বিষয় হচ্ছে, বিয়ে না করে থাকার এই সিদ্ধান্তে কত দিন পর্যন্ত কেটি প্রাইস অনড় থাকবেন?