আর মাত্র আট দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কারের এক যুগ পূর্তি হবে এবার। আর আট দিন পর মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯ বিতরণের মাধ্যমে এক যুগ হয়ে যাবে এ পুরস্কারের বয়স। স্বাভাবিকভাবেই ঢাকঢোলের আয়োজনটা বিশাল পরিসরেই করা হচ্ছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রতিশব্দই যেন ‘চমক’। তবে এবার যুগপূর্তি অনুষ্ঠানের পরতে পরতেই চমকের উপস্থিতি থাকবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। ৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে পর্দা উঠবে যুগপূর্তি উৎসবের। বরাবরের মতো এবারও আনন্দ বাহিনী কান্ডারিদের নাম নিয়ে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ খেলছেন। কারা এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন, কেউই জানতে পারছে না। কয়েকজন উৎসুক পাঠক অবশ্য ফোন করে এবং ই-মেইলের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন, অন্তত কয়েকটি ইঙ্গিত যেন দেওয়া হয়। তাঁদের জন্য প্রথম ইঙ্গিত—এবারের কান্ডারি দুজনের কারও পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো দূরে থাক, অনুষ্ঠান উপস্থাপনার রেকর্ডও খুব একটা নেই। দুজনেই মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন। তাঁরা গান ও অভিনয় করেন, কখনো মডেলিংও। ইঙ্গিত তো পাওয়া গেল। এবার বলুন দেখি, কান্ডারি আসলে কোন দুজন?উপস্থাপকদের সঙ্গে সম্মানজনক সহ-উপস্থাপিকা হিসেবে সব সময়ই থাকেন দুজন উঠতি তারকা। এর আগে যেমন সহ-উপস্থাপিকা হিসেবে নওশীন-শখ-নাঈম-তিনু, বাঁধন-বিন্দু, সাবা-প্রভা, মোনালিসা-তিশা, তিন্নি-তিশমা, তিশা-সুজানা, সুমাইয়া শিমু, প্রয়াত তিন্নি, তিরু, ঈশিতা প্রমুখকে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে দেখা গেছে। এবার কোন দুজন অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলবেন? তথ্য ১. দুজনেই সবেমাত্র শোবিজে তাদের পথচলা শুরু করেছেন। তথ্য ২. দুজনেই প্রতিভা/সুন্দরী অন্বেষণ কার্যক্রমের আবিষ্কার। এক সপ্তাহ থেকেই প্রথম আলো কার্যালয়ে তারকাদের যেন হাট বসেছে। একেক দিন একেক তারকার মহড়া। চ্যানেল আইতে প্রচার হচ্ছেপর্দার পেছনে গল্প। এর শুটিংও চলছে মহড়ার সঙ্গে পাল্লা দিয়ে। উপস্থাপক নোবেল তাঁর অফিসের কাজের বাইরেও কষ্ট করে সময় দিচ্ছেন। অডিও পাড়ার স্টুডিওগুলোতে চলছে গান রেকর্ডিংয়ের মহা যজ্ঞ। যুগপূর্তি বলে কথা, সবকিছুই তো মনের মতো হওয়া চাই!