আর মাত্র আট দিন!
ঢং ঢং ঢং! দিন-ক্ষণ-ঘণ্টা গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র আট দিন পর বসছে বহুল প্রতীক্ষিত মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৩তম আসর।২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসবে তারকাদের এই মিলনমেলা। বরাবরের মতো এবারও রহস্যাবৃত থাকছে উপস্থাপনা কে বা কারা করছেন। আনন্দ বাহিনী উপস্থাপকের নাম নিয়ে যেন ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ খেলছেন। মূল অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি পাল্লা দিয়ে চলছে ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানের প্রচার। এ অনুষ্ঠানের উপস্থাপক নোবেল।কখনো এফডিসি, কখনো ডিএফপি—শুটিং চলছে অবিরাম। শহীদুজ্জামান সেলিম, তারিন, মাহফুজ আহমেদ, জয়া আহসান, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, চঞ্চল চৌধুরী, তিশা, বিন্দু, ফাহমিদা নবী, বালাম, বাপ্পা মজুমদার, পড়শী, হূদয় খান, শফিক তুহিন, মৌসুমী, পূর্ণিমা, অপু বিশ্বাস, কাজী মারুফ, ইমন, শখ—পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।মেরিল-প্রথম আলো পুরস্কারের এই জমকালো আয়োজন তারকাখচিত—এ কথা সবারই জানা। তবে পাঠকও এ থেকে বঞ্চিত নন। মেরিল-প্রথম আলো পুরস্কারের একটি অংশ ‘তারকা জরিপ পুরস্কার’।আরেকটি ‘সমালোচক পুরস্কার’। তারকা জরিপ পুরস্কার নির্ধারণকরে দেন প্রথম আলোর পাঠকেরাই।তাঁদের ভোটেই নির্বাচিত হন ‘সেরা তারকা’। তারকা জরিপে ভোট দেওয়ার সুযোগ রয়েছে এখনো। প্রথম আলোয় ছাপানো কুপন পূরণ করে পাঠানো যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ভোট দেওয়া যাবে ২৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত। যাঁরা ভোট দেবেন, তাঁদের জন্য আছে পুরস্কার।ভোটদাতাদের মধ্যে লটারি করে দেওয়া হবে নতুন একটি গাড়ি, একটি মোটরসাইকেল, ল্যাপটপ কম্পিউটারসহ অনেক পুরস্কার।তো, আর দেরি না করে ভোট দিন এখনই।আর ফলাফল জানতে অপেক্ষা করুন ২৯ এপ্রিল পর্যন্ত।