আর রাজনীতির পথ মাড়াবেন না অমিতাভ

অমিতাভ বচ্চন অভিনীত নতুন ছবি ‘ভূতনাথ রিটার্নস’ মুক্তি পাচ্ছে ১১ এপ্রিল। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ভূতনাথ’ ছবির এই সিক্যুয়েলেও ভূত চরিত্রে দেখা যাবে অমিতাভকে। ছবিতে নির্বাচনে লড়াই করতেও দেখা যাবে ভূত অমিতাভকে। তবে বাস্তব জীবনে নিজেকে রাজনীতিবিমুখ বলেই দাবি করেছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা ও সাবেক রাজনীতিবিদ।
রাজনীতিকে ব্যঙ্গ করে নির্মিত ‘ভূতনাথ রিটার্নস’ ছবিটি নিয়ে আলাপচারিতার পাশাপাশি অমিতাভের রাজনীতি ভাবনা ও রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক ই-মেইল সাক্ষাত্কারে অমিতাভ জানান, ‘আমি রাজনীতিবিমুখ একজন মানুষ। আর কখনোই রাজনীতিতে যোগ দেব না আমি।’
১৯৮৪ সালে ভারতের এলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন অমিতাভ। বিপুল ভোটের ব্যবধানে জয়ীও হয়েছিলেন ৭১ বছর বয়সী জনপ্রিয় এ তারকা অভিনেতা। তিন বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন তিনি। সেই থেকে আর রাজনীতির পথ মাড়াননি অমিতাভ। তাঁর মতে, রাজনীতিবিদ হিসেবে তিনি একদমই মানানসই নন।