আরএফএল-প্রথম আলো নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী আরএফএল-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব। গতকাল বুধবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ উৎসবের উদ্বোধন করেন। প্রধান আলোচক ছিলেন নাট্যব্যক্তিত্ব এনামুল হক।বুয়েটের শিক্ষার্থীদের নাট্য সংগঠন বুয়েট ড্রামা সোসাইটি এই উৎসবের আয়োজন করেছে। বুয়েট ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসসহ বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠন উৎসবে অংশ নিচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বুয়েটের শিক্ষার্থীদের প্রযোজনা মঞ্চনাটক পেজগী মঞ্চায়িত হয়। এবিসি রেডিও ও দেশ টিভি উৎসবের গণমাধ্যম সহযোগী।সম্মাননা পেলেন ম. হামিদ ও ফেরদৌসী মজুমদারজাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে পদাতিক নাট্য সংসদের (টিএসসি) আয়োজনে নাট্যোৎসব। তাদের প্রতিষ্ঠাতা ভাষাসৈনিক সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন।সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। অনুষ্ঠানে সৈয়দ বদরুদ্দীন স্মারক সম্মাননা প্রদান করা হয় ম. হামিদ ও ফেরদৌসী মজুমদারকে।উদ্বোধনী পর্ব শেষে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। সেলিম আলদীন রচিত নাটকটি নির্দেশনা দেন শিমূল ইউসুফ। একই সঙ্গে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় আয়োজক সংগঠনের নাটক জনমাংক। নাসরীন মুস্তাফা রচিত নাটকটির নির্দেশনা দেন মীর মেহবুব আলম। সপ্তাহব্যাপী এ উৎসবে বাংলাদেশ ও ভারতের ১৩টি দল নাটক মঞ্চায়ন করবে।বসন্ত উৎসব উদ্যাপনএই নগরে বন নেই, বসন্তের শোভাও সীমিত। তবুও রবীন্দ্রনাথের ‘বাসন্তী হে ভুবন মনমোহিনী’ নগরবাসীর মনে দোলা দেয়। গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজিত বসন্ত উৎসবে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এরই প্রমাণ। এর আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা।সংগঠনের সভাপতি শাজাহান ফারুকের স্বাগত বক্তব্যের পর পরিষদের শিল্পীদের সম্মিলিত কণ্ঠের ‘বিশ্ববীণা রবে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন ভাবনার শিল্পীরা। এরপর সেমন্তী মঞ্জরী পরিবেশন করেন ‘ওগো দখিন হাওয়া’। ফারজানা পপি গেয়ে শোনান ‘একি লাবণ্যে’। রবীন্দ্রনাথের প্রবন্ধ ‘বসন্ত যাপন’-এর অংশবিশেষ পাঠ করেন মোজাম্মেল হোসেন। সংগীত পরিবেশন করেন সালমা আকবর, মিতা হক, লাইসা আহমদ, নীলোৎপল সাধ্য, সুমাইয়া ইমাম প্রমুখ। শিল্পীরা ‘ঘরেতে ভ্রমর এল’, ‘মোর বীণা ওঠে’, ‘কখন যে বসন্ত গেল’ এসব গান গেয়ে শোনান। ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ এবং ‘রাঙিয়ে দিয়ে যাও’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্য নন্দনের শিল্পীরা। সবশেষে সম্মিলিত কণ্ঠের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।শিশুদের চিত্রকর্মে বাংলার নদ-নদীনদীতে জেলেরা মাছ ধরছে, তীরে ফসলের মাঠ, পাশে সবুজ গাছপালা শোভিত জেলেপল্লি। জাটকা বিক্রি ও পরিবহনের অপরাধে মৎস্য কর্মকর্তা ও পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। আছে ইলিশ বিক্রির দৃশ্যও। হরেক রকম রঙের সমাহারে এসব দৃশ্য খুদে আঁকিয়েরা ফুটিয়ে তুলছে কাগজে। উপলক্ষ শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১১ উদ্যাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে শিশু একাডেমীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ গুলজার হোসেন।প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেয়। আয়োজকেরা জানান, ‘জাটকা মাছ রক্ষা পেলে, খাদ্য ও অর্থ দুই-ই মিলে’ এই স্লোগান নিয়ে মৎস্য অধিদপ্তর যে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে, এই প্রতিযোগিতা তারই অংশ। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে ১০ এপ্রিল বিএমএ মিলনায়তনে।