আরএফএল-প্রথম আলো নাট্যোৎসব সমাপ্ত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ড্রামা সোসাইটি প্রযোজিত চে’র সাইকেল নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে বুয়েটে তিন দিনব্যাপী নাট্যোৎসব শেষ হলো গতকাল শুক্রবার। ‘নাটক হোক সত্য ও ন্যায়ের শৈল্পিক হাতিয়ার’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী চলে নাট্যোৎসব। উৎসবের শেষ দিন বুয়েট মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রযোজনায় কমলাকান্তের জবানবন্দি এবং বেলা আড়াইটায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থিয়েটার ইউল্যাবের প্রযোজনা কবর মঞ্চায়ন করা হয়। তিন দিনব্যাপী আরএফএল-প্রথম আলো নাট্যোৎসব আয়োজন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ড্রামা সোসাইটি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা বাড়ানো উচিত। কারণ, তরুণ প্রজন্মকে তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানা জরুরি। আরও বক্তৃতা করেন বাংলাদেশ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হক প্রমুখ। উৎসবের গণমাধ্যম-সহযোগী ছিল এবিসি রেডিও এবং দেশ টিভি।