আরও এক মাস মুক্ত থাকবেন সঞ্জয়

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়ল। আগামী ২০ মার্চ পর্যন্ত জেলের বাইরে থাকার অনুমতি পেয়েছেন প্রভাবশালী এ তারকা অভিনেতা। এর মধ্য দিয়ে ১০ মাসের কারাবন্দি জীবনের চার মাসই জেলের বাইরে থাকার সুযোগ পেলেন এ ‘খলনায়ক’ তারকা।
এ প্রসঙ্গে পুনের বিভাগীয় কমিশনার প্রভাকর দেশমুখ হিন্দুস্তান টাইমসকে পাঠানো এক মুঠোফোন বার্তায় লিখেছেন, ‘স্ত্রীর অসুস্থতার কারণে সঞ্জয় দত্তকে আরও ৩০ দিন প্যারোলে মুক্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে।’
এ বছর সঞ্জয়ের প্যারোলে মুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না বলেও নিশ্চিত করেছেন প্রভাকর দেশমুখ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বছরে ৯০ দিনের বেশি প্যারোলে মুক্ত থাকতে পারেন না। নিয়ম অনুযায়ী এ বছর শেষবারের মতো প্যারোলে মুক্ত থাকার অনুমতি পেয়েছেন সঞ্জয় দত্ত।
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শর্তসাপেক্ষেই সঞ্জয়কে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মুক্ত থাকা অবস্থায় মুম্বাইয়ের খার থানায় সপ্তাহে দুই দিন হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। মান্যতা যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার তিনজন চিকিত্সকের কাছ থেকে মান্যতার অসুস্থতা সম্পর্কে খুঁটিনাটি নানা তথ্য নিয়েছে পুলিশ। খার থানা থেকে সেসব তথ্য এবং সঞ্জয় সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন পাঠানো হয় পুনের বিভাগীয় কমিশনারের কাছে। মূলত এসব কারণেই সঞ্জয়ের আবেদন আমলে নিয়ে প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর অনুমতি দেন প্রভাকর দেশমুখ।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত বছরের আগস্ট মাসে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর ১৪ দিনের জন্য মুক্তি পান তিনি। মুক্তি পেয়েই সরাসরি মুম্বাইয়ে নিজ বাড়িতে চলে যান সঞ্জয়। পরে আরও ১৫ দিন মুক্ত থাকার অনুমতি পান। মুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩০ অক্টোবর ইয়েরাওয়াড়া কারাগারে ফিরে যান ৫৪ বছর বয়সী এ অভিনেতা। কারাগারে ফেরার পর সঞ্জয় বলেছিলেন, ‘আমার পায়ে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। তবে আগের চেয়ে খানিকটা উন্নতি হয়েছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আবার আমি কারাগার থেকে দ্রুত বের হতে পারি।’
গত বছরের ডিসেম্বরে সঞ্জয়ের স্ত্রী মান্যতার যকৃতে বড় আকারের একটি টিউমার ধরা পড়ে। স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন করলে ডিসেম্বর মাসের শুরুর দিকে সঞ্জয়কে এক মাসের জন্য প্যারোলে মুক্ত থাকার অনুমতি দিয়েছিলেন পুনের বিভাগীয় কমিশনার। কিন্তু ৫ ডিসেম্বর একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে মান্যতাকে দেখা যাওয়ার পর তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রভাবশালী তারকা হিসেবে সঞ্জয় বাড়তি সুবিধা পাচ্ছেন—এমন বিতর্ক ওঠে। সঞ্জয়ের প্যারোলে মুক্তির বিরুদ্ধে বিক্ষোভও হয়। এতে করে সঞ্জয়ের মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। মান্যতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ২১ ডিসেম্বর শর্তসাপেক্ষ সঞ্জয়কে প্যারোলে মুক্তি দেয়া হয়। মুক্তির শর্ত হিসেবে বলা হয়, এক মাস সময়ের মধ্যে মুম্বাইয়ের খার থানায় সপ্তাহে দুই দিন হাজিরা দিতে হবে সঞ্জয়কে।
পরে আরও দুই দফা এক মাস করে বাড়ানো হয় সঞ্জয়ের মুক্তির মেয়াদ। আজ ২১ ফেব্রুয়ারি ইয়েরাওয়াড়া কারাগারে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থ স্ত্রীর দেখভালের কারণ দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলে সম্প্রতি তা মঞ্জুর করেন পুনের বিভাগীয় কমিশনার।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০১৩ সালের ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত।
গত বছরের ১৬ মে আদালতে আত্মসমর্পণের পর প্রথমে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানে ছয় দিন বন্দী থাকার পর তাঁকে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন সঞ্জয়। এই হিসাবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁকে সাজাভোগ করতে হবে।