আরও কিছুদিন সময় নেবেন মিলা
সংগীতাঙ্গনে পপ ধারার গান নিয়ে দর্শক শ্রোতাদের কাছে হাজির হয়েছিলেন মিলা ইসলাম। জাদুকরি কণ্ঠ আর তার সঙ্গে ভিন্নরকম পরিবেশনা দিয়ে খুব অল্প সময়ে দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি। কিন্তু ইদানীং মিলা তাঁর নতুন অ্যালবাম প্রসঙ্গে আগাম কোনো কথাও বলতে চান না। অ্যালবাম প্রকাশের প্রসঙ্গ এলেই তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এমনকি একান্ত পরিচিতজনরা ছাড়া কারো সঙ্গে দেখাও করেন না তিনি। মুঠোফোনেও খুব একটা নিয়মিত নন।সম্প্রতি গুলশানের একটি রেস্তরাঁয় হঠাত্ দেখা মিললে অ্যালবামের কাজ প্রসঙ্গে এক প্রশ্নে মিলা জানান, সবকিছুই তৈরি হয়ে আছে। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থাটা এখন যে পর্যায়ে তাতে অ্যালবাম প্রকাশটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। তাই আরও কিছুদিন সময় নিচ্ছি। কথা প্রসঙ্গে মিলা আরও জানালেন, অডিওর পাশাপাশি শ্রোতাদের অ্যালবামের কয়েকটি গানের ভিডিও উপহার দেবেন তিনি। সে কাজটিও নাকি গুছিয়ে এনেছেন। বললেন, ‘পাঁচটি গানের ভিডিও মোটামুটি তৈরি করে রেখেছি। সুবিধাজনক সময়ে অডিও ভিডিও দুই ধরনের অ্যালবামই প্রকাশের কথা ভাবছি। তবে কবে নাগাদ অ্যালবামটি প্রকাশ করব সে নিয়ে এখন আর কিছুই বলতে চাচ্ছি না।’মিশ্র অ্যালবামে কণ্ঠ দেওয়া ছাড়াও শ্রোতাদের এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম উপহার দিয়েছেন মিলা। পাশাপাশি ছিল স্টেজ শো। অ্যালবামের সফলতায় একসময় এভাবেই ব্যস্ত তারকাদের একজন হয়ে উঠেছিলেন মিলা। কিন্তু চতুর্থ অ্যালবাম প্রকাশের আগেই মিলার পথচলার গতি যেন কমতে থাকে। বেশ ঢাকঢোল পিটিয়ে চতুর্থ অ্যালবামের কাজ শুরু করলেও অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে সে গতি অব্যাহত রাখতে পারেননি মিলা। গত দেড় বছর ধরেই শোনা যাচ্ছে মিলার নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। বেশ কয়েকবার প্রকাশের সময় ঠিক করেও শেষ পর্যন্ত আর তা সম্ভব হয়নি। আর এ নিয়ে গত দেড় বছর কথা বলতে বলতে মিলা নিজেও বেশ ক্লান্ত। কথায় কথায় মিলা জানান দিলেন বিরতির পর নিজেকে উপস্থাপন করতে চাইছেন নতুন আবহে, নতুন নতুন চমকের মধ্য দিয়ে। কিন্তু মিলার এই নীরব প্রস্তুতি শেষ হবে কবে? কবে আবার নড়েচড়ে উঠবেন স্টেজে-অডিও বাজারে? প্রায় আড়াই বছর ধরে মুক্তি প্রতীক্ষিত তাঁর নতুন এককের সবগুলো গান তৈরি করেছেন মিলা নিজেই তাঁর নিজস্ব স্টুডিওতে। সে হিসেবে এবারের অ্যালবামে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন তিনি। উল্লেখ্য, বছর তিনেক আগে প্রকাশিত হয় মিলার তৃতীয় একক গানের অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’। তার আগে ফেলে আসা ও চ্যাপটার টু নামের আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল মিলার।