
মনে করুন গত বছরের এই সময়ের কথা। তখনো ছিল হেমন্ত। গানে গানে ধ্রুপদি সংগীতের সুর মূর্ছনায় তখন বর্ণিল হয়েছিল রাতগুলো। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩-তে ঢাকার আর্মি স্টেডিয়ামে বাঁশিতে মোহন লহরি তুলে হাজার হাজার মানুষকে মাত করেছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। কিংবা বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত উল্লাস কাসালকার, ওস্তাদ বাহাউদ্দিন ডাগর, ওস্তাদ রাশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী—এসব গুণী সংগীতজ্ঞের পরিবেশনাগুলো তো ছিল অনেকটা রূপকথার মতো। সেবার চার রাত ঘুমায়নি ঢাকা, আর্মি স্টেডিয়ামে চার-চারটি রাত নির্ঘুম কাটিয়েও আনন্দে উদ্বেল ছিলেন অগুনতি শ্রোতা-দর্শক। এবারও একই স্থান আর্মি স্টেডিয়ামে সেই রূপকথার পুনরাবৃত্তি হবে আবার। সুর আর বাদনের তরঙ্গে আবার মোহিত করবেন ধ্রুপদি সংগীতের মহিরুহ সব শিল্পী।
২৭ নভেম্বর থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪’ শুরু হয়ে সাঙ্গ হবে ১ ডিসেম্বরে। গোটা উৎসবে এ বছরও সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো ও ডেইলি স্টার। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। তবে এবারও কি একইভাবে শুরু হচ্ছে বেঙ্গলের উৎসব, একইভাবে উন্মোচিত হচ্ছে সুরের রূপকথা?
বেঙ্গলের এ বছরের উৎসবে থাকছে নতুন কিছু। প্রথমত উৎসবের সময় এখন বেড়ে হয়েছে পাঁচ দিন। তা ছাড়া এবারের উৎসবের শুরু ও শেষ দিনের অধিবেশনে সম্মিলিত কণ্ঠে বাংলা গান গাইবেন ৪০ জন প্রথিতযশা শিল্পী। সবার নামের তালিকা দিতে গেলে মহাভারত হয়ে যাবে। আপাতত কয়েকজনের নাম বলি—ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, ফাহিম হোসেন চৌধুরী, মহীউজ্জামান চৌধুরী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, সুবীর নন্দী, সুমন চৌধুরী, ফরিদা পারভীন, মিতা হক, লাইসা আহমেদ লিসা, শামা রহমান, ইয়াসমীন মুশতারী, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম, অদিতি মহসিন, ফাহমিদা নবী, প্রিয়াঙ্কা গোপসহ আরও অনেকে। সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। তত্ত্বাবধায়নে আছেন বুলবুল ইসলাম।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রথম দিনের অধিবেশনের। এরপর গীত হবে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ গান। অন্যদিকে শেষ দিনেও থাকছে তিনটি বাংলা গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘ধন্য ধন্য বলি তারে’ এবং ‘এই পদ্মা এই মেঘনা’। এরই মধ্যে এ পরিবেশনা নিয়ে ব্যস্ত শিল্পীরা, নিয়মিত মহড়া চলছে ছায়ানট ভবনে।
এতক্ষণে আপনি নিশ্চয় ভাবছেন, উচ্চাঙ্গসংগীতের আসরে বাংলা গান! হ্যাঁ, বিষয়ে আয়োজকদের রয়েছে যুক্তিসংগত ব্যাখ্যা। বুলবুল ইসলাম বললেন, ‘উৎসবে এই আয়োজনে আছে নানা ঘরানার বাংলা গান। রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাঁই, কাজী নজরুল ইসলাম, দিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে আমরা রেখেছি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গান। আমরা মনে করি এ পরিবেশনার মাধ্যমে বৈচিত্র্যময় বাংলা গানের ঐতিহ্যকে যেমন সম্মান জানানো সম্ভব হবে, একইভাবে এই শিল্পীরাও যুক্ত হবেন উৎসবের সঙ্গে।’
কী, উচ্চাঙ্গসংগীতের সঙ্গে বাংলা গানের ঐতিহ্যের এই মেলবন্ধনে বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের রূপকথাটি এবার আগের চেয়ে আরও ঝলমলে, বৈচিত্র্যময় হয়ে উঠবে, তাই না?