আরও ঝলমলে শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল িশল্পা শেঠি হাঁটেন জয়ন্তী রেড্ডির ডিজাইনে করা পোশাকে
গতকাল িশল্পা শেঠি হাঁটেন জয়ন্তী রেড্ডির ডিজাইনে করা পোশাকে
>
  • শেষ দিনের আয়োজন আরও ঝলমলে, আরও জমকালো। 
  • তারকাদের উজ্জ্বল উপস্থিতি। 
  • ফ্যাশনপ্রেমীরা ছুটে বেড়িয়েছেন মঞ্চ আর পোশাকের স্টলে।

শেষ দিন বলে কথা, তাই আয়োজন আরও ঝলমলে, আরও জমকালো। তারকাদের উজ্জ্বল উপস্থিতি। গতকাল রোববার ভারতের মুম্বাইয়ে ‘ল্যাকমে ফ্যাশন উইক সামার রিসোর্ট ২০১৮’ আয়োজনের শেষ দিনটা তাই এককথায় দারুণ!

সারা দিন ফ্যাশনপ্রেমীরা ছুটে বেড়িয়েছেন এক মঞ্চ থেকে আরেক মঞ্চে, পোশাকের এক স্টল থেকে আরেক স্টলে। বিখ্যাত ও নবীন ডিজাইনাররা জানিয়ে দিয়েছেন আগামী কয়েক মাস কোন নকশা, কেমন পোশাক বাজার মাতিয়ে রাখবে।

ফ্যাশন ব্র্যান্ড ক্রোয়ের সংগ্রহ দিয়ে শেষ দিন শুরু হয়। শেষ হয় আনামিকা খান্নার জমকালো আয়োজনের মধ্য দিয়ে। ক্রোয়ের তরুণ ডিজাইনার শায়লা খুবচান্দানি পোশাকে হাতে আঁকা নকশায় জোর দেন। কলকাতার শ্বেতা তানিয়া এবং প্রিয়াংশু দেখান লম্বা পোশাক। চাঁপা সাদা, নীল, গোলাপি রঙের ওপর হালকা এমব্রয়ডারির নকশা ছিল তাঁদের পোশাকে। নাকিতা সিং এবং অমিত ওয়াধওয়ার পোশাকে দেখা গেল সাদার ওপর চেক, স্ট্রাইপ ও ফুলেল নকশা। 
শেষ দিনের ডিজাইনারদের মধ্যে ছিলেন রিধি মেহরা, জয়ন্তী রেড্ডি, শ্যামল ও ভূমিকা, পুনিত বালানা, নেহা আগারওয়াল, নরেন্দ্র কুমার, জুলি শাহ, রাভি ভালোটিয়া, রামজ ও চানদ্রিকা রামজসহ অনেকে।

পাঁচ দিনের এ আয়োজনে প্রতিদিনই ছিল বলিউড তারকাদের উজ্জ্বল উপস্থিতি। কাল যেন এ উজ্জ্বলতা আরও বেড়ে গিয়েছিল। বিভিন্ন শোর শো-স্টপার হিসেবে মঞ্চে হেঁটেছেন টিসকা চোপড়া, কার্তিক আরিয়ান, স্বরা ভাস্কর, ডায়ানা পেন্টি, রাহুল খান্না, বানি কাপুর, শিল্পা শেঠি, কঙ্গনা রনৌত, পূজা হেগড়ে, কিয়ারা আদভানি, করণ সিং গ্রোভার প্রমুখ।

ল্যাকমে ফ্যাশন উইকে শুধু নতুন নয়, পুরোনো পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করেও তাক লাগিয়েছেন ডিজাইনাররা। পুনিত বালানার পোশাকে এমনটাই দেখা গেল। প্রাকৃতিক রং ও ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে ৪০০ বছরের পুরোনো নকশা বাগড়ুর ব্যবহার করেছেন তিনি।

ফ্যাশন শিল্পে এসেছেন পাঁচ বছর আগে। এই পাঁচ বছরকে স্মরণীয় করে রাখতেই ল্যাকমে ফ্যাশন শোতে রিধি মেহরা তুলে ধরলেন নতুন সংগ্রহ। ইসলামিক, ভারতীয়, স্প্যানিশ, ফরাসি ও জাপানি সংস্কৃতির ঝলক দেখা যাবে তাঁর সংগ্রহে।

এবারের ল্যাকমে ফ্যাশন উইক শেষ হলো ডিজাইনার আনামিকা খান্নার পোশাক সংগ্রহ দিয়ে। ন্যুড রঙের বিভিন্ন শেড দিয়ে গরম উপযোগী পোশাক তৈরি করেছেন তিনি। তবে কালো রংও ছিল। তার শোতে সবশেষে হাঁটলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। কারিনাই হলেন এই আয়োজনের শেষ শো-স্টপার।

ইউনিলিভারের ব্র্যান্ড ল্যাকমে এবং আইএমজি রিলায়েন্সের আয়োজনে ল্যাকমে ফ্যাশন উইক শুরু হয়েছিল ৩১ জানুয়ারি।