আরও বেশি প্রেক্ষাগৃহে 'বাদশা'

গেল ঈদে দেশজুড়ে ৪৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়ার ছবি ‘বাদশা’। ছবিটির তৃতীয় সপ্তাহ চলছে এখন। এবার ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, এ সপ্তাহ থেকেই ৯৫টি প্রেক্ষাগৃহে ‘বাদশা’কে দেখা যাচ্ছে।
ঈদেই মুক্তি পায় যৌথ প্রযোজনার আরেকটি ছবি ‘শিকারী’। এটিরও বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ঈদে ৯৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢাকার শাকিব খান ও কলকাতার শ্রাবন্তীর ‘শিকারী’। জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘শিকারী’ এখন দেখা যাচ্ছে ৩৯টি হলে।
এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘এখনো “শিকারি” ছবিটি আলোচনায় এগিয়ে আছে। কিন্তু ঈদের সময় কমসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল “বাদশা”। সব জায়গার দর্শক “বাদশা” ছবিটি দেখার সুযোগ পায়নি। তাই “শিকারি” ছবিটি নামিয়ে ওই সব প্রেক্ষাগৃহে “বাদশা” ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।’
দুটি ছবিই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
