আরও ভালো হতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। সেখান থেকে নাম্বার ওয়ান শাকিব খান ও রিকশাওয়ালার ছেলে ছবি দুটি দেখে সমালোচনা লিখেছেন চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনআমাদের দেশে সমালোচনা সহ্য করার ক্ষমতা এবং ভুল ধরিয়ে দিলে সেটা স্বীকার করার মানসিকতা খুব কম মানুষের মধ্যেই আছে। যেমন ধরুন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আপনি একজন আওয়ামী লীগের সমর্থকের সামনে তার দলের ভুল সিদ্ধান্ত বা কোনো অন্যায়ের সমালোচনা করলে তৎক্ষণাৎ ওই সমর্থক আপনাকে বলে বসবে, ‘ও, আপনি তো বিএনপি করেন। আওয়ামী লীগের কাজ তো আপনার সহ্য হবেই না।’ ঠিক একই ব্যাপার বিএনপির বেলায়ও। এদের ভুল বা অন্যায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেই বলবে, ‘আপনি তো আওয়ামী লীগ করেন...।’এই মানসিকতা চলচ্চিত্রজগতে আরও বেশি। কারও চলচ্চিত্রের সমালোচনা করবেন, সেই ছবির প্রযোজক-পরিচালক নিজের ভুল স্বীকার না করেই খুঁজে বের করবেন, যিনি সমালোচনা করেছেন, তিনি জীবনে কী কী ভুল করেছেন এবং তা নিয়ে সমালোচকের মুণ্ডপাত করবেন। তার পরও প্রথম আলোর অনুরোধ রাখতেই এবারের ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর দুটি ছবি আমি দেখেছি এবং তার ভালো-মন্দ লিখছি।মাসতিনেক আগে আমার নিজের ছবি চেহারা দেখে এক ভদ্রলোক ফোনে আমাকে জানিয়েছেন, এত ভালো ছবি উনি বহুদিন দেখেননি। এমনকি আমার ছবির টাইটেলে ব্যবহূত গান ও দৃশ্য দিয়েই নাকি একটি ছবি হতে পারে। আবার অন্য একজন বলেছেন, এটা কোনো ছবিই হয়নি।কেমন যেন নাটক নাটক মনে হয়। আসলে ব্যক্তির রুচির ওপর নির্ভর করে ভালো লাগা। একেকজন একেকভাবে ব্যাখ্যা করেন। ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। যেমন ধরুন, ফরাসি নির্মাতা অ্যালা রেনের লাস্ট ইয়ার ইন মারিয়েনবাদ সম্পর্কে একজন বিখ্যাত ইংরেজ লেখক বললেন, ‘এই ছবির শুধু টেকনিক্যাল ভার্চুসিটি (TECNICAL VIRTUOSITY) আছে, আর কিছুই নেই।’ ঠিক তার পরের ইস্যুতেই সেই বিখ্যাত কাগজেই সে দেশেরই আরেকজন বিখ্যাত লেখক বললেন, ‘এই ছবিকে যে খারাপ বলবে, তার গালে একটা চড় মারা উচিত।’ তো?বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় চলচ্চিত্র সম্পর্কে এক লেখায় লিখেছিলেন, ‘চলচ্চিত্র হলো সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করার বস্তু। চলচ্চিত্র ছবি, চলচ্চিত্র কথা, চলচ্চিত্র গতি, চলচ্চিত্র নাটক, চলচ্চিত্র সংগীত, চলচ্চিত্র গল্প, চলচ্চিত্র চক্ষু-কর্ণের মাধ্যমে সঞ্চারিত অজস্র অর্থবহ উপাদানের সমষ্টি। মাত্র এক মিনিটের একটুকরো চলচ্চিত্রও এসব উপাদান যুগপৎ তুলে ধরতে পরে।’রিকশাওয়ালার ছেলে ছবিতে কথা আছে, গতি আছে, নাটক, সংগীত, গল্প সবই আছে, তার পরও সব ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করা যায় না। কারণ বিশ্বাসযোগ্যতা নেই। কী করে থাকবে? গুন্ডারা তাড়া করছে রেসিকে। আর তিনি ছুটে এসে রিকশার মিস্ত্রি ডিপজলকে জড়িয়ে ধরে বলেন, ‘বাঁচান আমাকে।’ এমন জোরে আঁকড়ে ধরে ৮-১০ জন গুন্ডাকে পিটিয়ে নাস্তানুবাদ করেন যে ডিপজল, এক হাত দিয়ে একটা আস্ত রিকশা শূন্যে ছুড়ে মারতে পারেন যিনি, তিনি কিন্তু রেসির বজ্র আঁটুনি খুলতে পারেন না।ডিপজলের মারামারির গুণটি ছাড়া এত দ্রুত আর কী দেখে ২০ হাজার কোটি টাকার মালিক রাজ্জাকের কন্যা রেসি তাঁর প্রেমে পড়লেন, তা বুঝতে পারলাম না। আরও দু-তিনটা মানবিক গুণ কিংবা দেখতে সুদর্শন বা সুপুরুষ হলেও কথা ছিল।হাজার হাজার কোটি টাকার মালিকের বাড়ির ড্রয়িংরুমে ঝাঁকে ঝাঁকে রিকশা ঢুকে যায় বিনা বাধায়। একবারও কি বাড়ির মেইন গেটে সিকিউরিটির বাধা দেখানো যেত না? আসলে নির্মাতারা বোঝেন, এগুলোর প্রয়োজন নেই। এগুলো ছাড়াই তো হলের মধ্যে প্রচুর করতালি পড়ছে। কী দরকার অযথা দৈর্ঘ্য বাড়িয়ে, এমনিতেই প্রায় ১৫ হাজার ফুট দৈর্ঘ্য হয়েছে।কিন্তু একটা ব্যাপার মাথায়ই আসছে না, কী অলৌকিকভাবে পুরো ছবিতে ডিপজলের সংলাপ বস্তিবাসীর মতো, শুধু গানগুলো একেবারে শুদ্ধ বাংলায় হলো? আসলে মনতাজুর রহমান আকবর খুব ভালো করেই জানেন, ছবি কারা দেখে। যারা এখন ছবি দেখে, তাদের কাছে এগুলো কোনো ভুলই না।প্রযোজক খুশি, দর্শক খুশি, প্রদর্শক খুশি, পরিচালক আকবর ভাই, আপনি কি সত্যিই খুশি রিকশাওয়ালার ছেলে নির্মাণ করে?অতঃপর নাম্বার ওয়ান শাকিব খান।আরও বেশি দর্শক, অনেক বেশি হাততালি, অনেক অনেক বেশি বিনোদন। চোখধাঁধানো গ্লামার, লোকেশন। মোটকথা, নাচে-গানে ভরপুর অপূর্ব ফাইটিং চিত্র। কিন্তু সেই একই ব্যাপার। আবারও গুন্ডাদের তাড়া খেয়ে নায়িকা অপু বিশ্বাস বাড়ির চাকর কাম ড্রাইভাররূপী শাকিব খানের বুকে পড়া এবং প্রেম। রোমিও জুলিয়েট থেকে শুরু হওয়া ধনী-গরিবের প্রেম চলছে, চলবে। ঢাকার গল্প শুধু চাকচিক্য বাড়ানোর জন্য। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশন ব্যবহার, এমনকি থাইল্যান্ডের পর্যটন বাস ব্যবহার করা প্রশ্নবিদ্ধই থেকে যায়।মোটকথা, দুটি ছবিতেই অজস্র অসামঞ্জস্য ঘটনা, অহেতুক গানের ব্যবহার ও দীর্ঘ মারধর প্রদর্শন না করলে আরও ভালো হতে পারত। রিকশাওয়ালার ছেলে ছবির রাজ্জাকের বাড়ি ভাড়া নেওয়া এবং এ-সংক্রান্ত পরবর্তী দৃশ্যগুলো যেমন উপভোগ্য হয়েছে, তেমনি নাম্বার ওয়ান শাকিব খান ছবিতে শাকিবের প্রথম দিককার কমেডি দৃশ্যগুলোও দারুণ আনন্দ দিয়েছে।সবশেষে সেন্সর বোর্ডকে একটা ধন্যবাদ দিচ্ছি, বিনা কারণে পুলিশ ও একজন শিল্পপতির নির্দেশে শাকিব খানকে পেটানোর দৃশ্য ছাড় দেওয়ার জন্য।দুজন পরিচালককেই ধন্যবাদ এ জন্য যে ছবি দুটিতে অশ্লীলতা, নৃশংসতা ও ভাষার মর্যাদাহীন ব্যবহার পাইনি। পরিচালকদ্বয়, হে সহযোদ্ধা, আগামী ছবি নির্মাণে আমরা নিশ্চয়ই ভুলে যাব না যে চলচ্চিত্র হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে চিত্রায়ন ও নির্মাণ।