আরজু স্মৃতি নাট্যপদক পেল রাজশাহীর অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবচন প্রবর্তিত আরজু স্মৃতি নাট্যপদক এবার পেয়েছে রাজশাহীর অনুশীলন নাট্যদল। সুবচন নাট্য সংসদের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক এ এস এম আরজু রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি দুই বছর পর এ পদক দেওয়া হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে অনুশীলন নাট্যদলের প্রধান মলয় ভৌমিকের হাতে এ পদক তুলে দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সঙ্গে আরও ছিলেন মামুনুর রশীদ, হাসান আরিফ, ইস্রাফিল শাহীন, নাদের চৌধুরী ও গিয়াস আহাম্মেদ। অনুশীলন নাট্যদলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৫ হাজার টাকার চেক ও ক্রেস্ট।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল সুবচন নাট্য সংসদের মহাজনের নাও নাটকের প্রদর্শনী।