আরজু স্মৃতিপদক পেল বর্ণচোরা নাট্যগোষ্ঠী
‘আরজু রহমান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ছিলেন। তাঁর জীবদ্দশায় ঢাকার বাইরের দলকে নাটকে সক্রিয় করতে তিনি জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর নামে ঘোষিত পদক বর্ণচোরা নাট্যগোষ্ঠী পাওয়ায় আমরা গর্বিত।’ কথাগুলো বলছিলেন সুখদেব। সুবচন নাট্যসংসদ প্রবর্তিত আরজু স্মৃতিপদক-২০১০-এ চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠী ভূষিত হওয়ায় দলের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক নেওয়ার সময় এভাবে অনুভূতির কথা জানালেন তিনি। গত ২৬ জুন সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই পর্বে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চের পাশে রাখা আরজু রহমানের প্রতিকৃতিতে সুবচনের পক্ষ থেকে আনছার আলী, সাইফুল ইমাম দিপু ও আসাদুল ইসলাম আসাদের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন কামাল লোহানী, ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। পরে সুবচনের পক্ষ থেকে আরজু রহমানের কর্মময় জীবন ও তাঁর নামে পদক দেওয়া প্রসঙ্গ তুলে ধরেন আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আরজু রহমান মূলত সাংগঠনিক মানুষ ছিলেন। এই প্রজন্মের মধ্যে তাঁকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কোনো ব্যক্তিকে এই পদক না দিয়ে নাটকের সংগঠনকে দিয়ে আসছি।’ প্রথম পর্বের শেষ পর্যায়ে আহম্মদ গিয়াসের সভাপতিত্বে শিল্পকলার মহাপরিচালক বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিনিধির হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হয় সুবচন নাট্যসংসদের নতুন নাটক মহাজনের নাও। শাকুর মজিদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এদিন নাটকটির তৃতীয় প্রদর্শনী হয়। উল্লেখ্য, এর আগে আরজু স্মৃতিপদক পেয়েছেন বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটার ও মণিপুরী থিয়েটার।