আরজু স্মৃতিপদক ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার তৃতীয়বারের মতো নাট্যকর্মী, নাট্যসংগঠক আরজু স্মৃতিপদক ২০১০ দেওয়া হচ্ছে। সুবচন প্রবর্তিত এই পদক দেওয়া হবে ২৬ জুন শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। পদক হিসেবে থাকছে নগদ ২৫ হাজার টাকার চেক ও একটি ক্রেস্ট। বিকেল সাড়ে পাঁচটায় ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) সভাপতিত্বে এ দিনের অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন মামুনুর রশীদ, ম. হামিদ, হাসান আরিফ ও ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।নাট্যকর্মে উৎসাহিত করার জন্য প্রতিবারই এই পদক ঢাকার বাইরের দলকে দেওয়া হয়। সারা দেশ থেকে নাটকের দলের কার্যক্রম-সংবলিত আবেদন সুবচন নাট্যসংসদে জমা পড়ে। সেখান থেকে সেরা কাজের পাঁচটি দলকে বেছে নেওয়া হয়। ওই পাঁচটি দল থেকে বিচারকমণ্ডলীর মাধ্যমে চূড়ান্ত একটি দল নির্ধারণ করা হয়। দলটির হাতে এই স্মৃতিপদক তুলে দেওয়া হয়। এবারের চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে ছিলেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, ম. হামিদ ও নাসির উদ্দীন ইউসুফ।আরজু স্মৃতিপদক প্রসঙ্গে সুবচনের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘আরজু ভাই বেশির ভাগ সময়ই ঢাকার বাইরে নাটকের দলের সঙ্গে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। ঢাকার বাইরের নাটকের দলকে উৎসাহিত করার জন্য এবং আরজু ভাইয়ের স্মৃতি ঢাকার বাইরের দলের মাধ্যমেই ধরে রাখার জন্য আমরা স্মৃতিপদক ঢাকার বাইরের দলকে দিচ্ছি।’ তিনি বলেন, ‘আরজু একদিকে যেমন ভালো নাট্যকর্মী ছিলেন, একইভাবে ফেডারেশনের একজন ভালো সংগঠকও ছিলেন। সুবচন নাট্যসংসদে তাঁর অবদান অপরিসীম। আমরা তাঁর কাজের উৎসাহ নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’