আরণ্যকের জয়জয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি আরণ্যক নাট্যদলের জয়জয়ন্তী নাটকের। লেখা ও নির্দেশনা মামুনুর রশীদের।ছবিতে দেখা যাচ্ছে ফজলুর রহমান বাবু ও মুন্সী মজনুকে।নাটকের ছবিটির মুহূর্তের কথা বলতে গিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম নবদীপ দাস আর মুন্সী মজনুর চরিত্রের নাম ইন্দ্র। আমি নাটকটির মূল কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করি। এই দৃশ্যে দেখা যায়, এখানে মহড়া হচ্ছে। আমরা আট প্রহরের কীর্তন করতে যাব। তার আগে মহড়া করা হচ্ছে। মহড়ায় তাল, সুর—এগুলো সঠিকভাবে তুলতে গিয়ে যেসব জায়গায় বেতাল হচ্ছে, তা বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে ইন্দ্র বাঁশি বাজায়।’নাটকটি প্রসঙ্গে বাবু বলেন, কীর্তনের এই দলটি শ্রীকৃষ্ণের গান করে। আর এই গানগুলো প্রেমের, মিলনের। কিন্তু সময়টাতে মুক্তিকামী মানুষের ওপর পাকিস্তানি সেনাদের অত্যাচার চলছিল। একটা সময় দলটির ওপর যুদ্ধের প্রভাব পড়ে। কীর্তনিয়ার প্রধান অনুচর বেহালাবাদককে রাজাকারদের সহযোগিতায় হত্যা করা হয়। ইন্দ্র বাঁশি বাজাত; তার হাতের আঙুল কেটে নেওয়া হয়।নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের স্মৃতির কথা বলতে গিয়ে বাবু বলেন, ‘নাটকটি নিয়ে আমরা প্রায় পাঁচ মাস মহড়া করেছি। সেই সময় আমরা ঢাকা টিচারস ট্রেনিং কলেজে মহড়া করতাম। নাটকটি আমরা প্রসেনিয়ামের বাইরে গিয়ে করেছি। মহিলা সমিতির দর্শক বসার জায়গাটিকে আমরা মঞ্চ হিসেবে ব্যবহার করতাম। মিলনায়তনের ভেতরে চার ধারে গ্যালারি আকারে দর্শকের আসনব্যবস্থা থাকত। ১৯৯৪ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির উদ্বোধন করা হয়।’এ পর্যন্ত নাটকটির প্রায় ১০০টি প্রদর্শনী হয়েছে। প্রায় পাঁচ বছর আগে থেকে নাটকটির প্রদর্শনী বন্ধ আছে।