আরণ্যকের নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্দেশনা দল ও অভিনয়শিল্পী তৈরির উদ্যোগ হাতে নিয়েছে জনপ্রিয় নাটকের দল আরণ্যক। এই উদ্যোগের আওতায় দুই মাস ধরে নিরীক্ষাধর্মী হিসেবে একসঙ্গে দুটি নতুন নাটকের কাজ করছে দলটি। এখানে নতুন প্রজন্মের দুজন নির্দেশনার কাজ করছে। একই সঙ্গে নাটক দুটিতে ভালো অভিনয়শিল্পী তৈরিরও প্রশিক্ষণ চলছে। মূলধারার বাইরে থেকে আরণ্যকের এ কাজ দুটির মহড়া চলছে। আরণ্যক নাট্যদলের মামুনুর রশীদ বলেন, ‘আমরা মূলধারার বাইরে থেকে একেবারে নিরীক্ষাধর্মী দুটি কাজ করছি। এ জন্য দলের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নাটক দুটি দাঁড়ানোর পর আমরা কাজ দেখব। এরপর যদি ভালো হয়, তাহলে সাধারণ দর্শকের দেখানোর সম্ভাবনা আছে। আর তা না হলে এ কাজ দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর আগেও আমরা এ ধরনের কাজ করেছি।’ তিনি জানান, কয়েকটি পত্রিকায় আরণ্যকের এই নিরীক্ষাধর্মী নাটক নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এটা ঠিক নয়। তিনি আরও বলেন, ‘এ ধরনের কাজ করা হচ্ছে দলের অভ্যন্তরীণ নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করার জন্য। আমরা চাই, দলে নতুন প্রজন্মের ভালো ভালো নির্দেশক অভিনেতা-অভিনেত্রী তৈরি হোক।’ ঢাকার প্রথম সারির আরও নাটকের দলের এ ধরনের উদ্যোগ নিয়ে আসা উচিত হবে কি? এ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই হবে। তবে তাড়াহুড়া করে নয়। থিয়েটারে প্রজন্মের পর প্রজন্ম আসবে। থিয়েটারকে টিকিয়ে রাখতে হলে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ভালো নির্দেশক, ভালো অভিনয়শিল্পী তৈরি করে যেতে হবে।দল সূত্রে জানা গেছে, নিরীক্ষাধর্মী নাটক দুটির নাম ইতি-ইয়োকাস্তে ও হ্যামলেট। ইতি-ইয়োকাস্তে নাটকটি সফোক্লিসের ইডিপাস অবলম্বনে। এর নির্দেশনা দিচ্ছেন দীপক সুমন। আর শেক্সপিয়রের হ্যামলেট নির্দেশনা দিচ্ছেন আবু হাসিম মাসুদুজ্জামান। দুটি নাটকেরই স্থায়িত্বকাল এক ঘণ্টা। এ মাসে নাটক দুটি দলের নীতিনির্ধারকসহ কর্মীদের সামনে মঞ্চস্থ হবে।