আরণ্যকের ৪০
২০ জানুয়ারি সন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা চত্বরে একঝাঁক তরুণ-তরুণী। সবার গলায় ঝুলছে রং-বেরঙের কাপড়। কারও মাথায় হেলমেট, আবার কারও মাথায় টুপি ও রুমাল। বৌদ্ধ শ্লোক ‘বুদ্ধং স্মরনং গচ্ছামি, ধম্মাং স্মরনং গচ্ছামি’ গাইছেন তাঁরা। হঠাৎ ঢোলের তাকদুম। সবাই ছিটকে গেল চতুর্দিকে। বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেওয়া বর্ণিল ব্যানার। ব্যানারে লেখা ‘আরণ্যকের ৪০ বছর উৎসব’। এর মধ্যে শুরু হয়েছে আরণ্যকের পথনাটক খেঁকশিয়ালের বন্দনা। নাটকের মধ্যে পেছন থেকে উচ্চকণ্ঠে একজন বললেন, ‘ইবলিশ এইবার যাইতাছে। আজান দাও মিয়া আবদুল গোফরান...।’ বোঝা গেল এবার ইবলিশ নাটকের অভিনয় চলছে। এভাবে একে একে অভিনীত হলো আরণ্যকের প্রযোজনা এবং বিদ্যাসাগর, ওরা কদম আলী, ময়ূর সিংহাসন ও কবর নাটকের অংশবিশেষ। প্রদর্শিত হলো রাঢ়াঙ ও এবং বিদ্যাসাগর-এর কোরিওগ্রাফিও। দর্শকেরা যখন পরিবেশনাগুলো দেখছেন, তখনই তাঁদের হাতে উৎসবের লিফলেট হাতে তুলে দিলেন শিল্পীরা। নাটকের মধ্য দিকে নাট্যোৎসবের বার্তা দর্শকের কাছে পৌঁছানোর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে! হলোও তাই। দলের বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করে একরকম প্রচারণার মধ্য দিয়ে তাঁরা জানিয়ে দিলেন আরণ্যকের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৬ জানুয়ারি শুরু হবে সাত দিনব্যাপী নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবে আসছেন দেশ-বিদেশের নাট্যজন—মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী প্রমুখ।উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আরণ্যকের প্রযোজনা রাঢ়াঙ। তা ছাড়া বাকি দিনগুলোতে মঞ্চস্থ হবে হংকংয়ের টেগর ইন চায়নাসহ আরণ্যকের নতুন-পুরোনো পাঁচটি নাটক। নাট্যপ্রদর্শনী ছাড়াও উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি সেমিনার। উৎসব প্রসঙ্গে আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘আরণ্যকের নাট্যচর্চা ৪০ বছর পূর্ণ হয়েছে। এই সুদীর্ঘ সময়ে যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, তাঁদের সবার প্রতি জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’