আরফিন রুমির ‘ভালোবাসি তোমায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির প্রথম একক ‘আরফিন রুমি’ প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক ‘এসো না’। এবার আসছে তৃতীয় একক ‘ভালোবাসি তোমায়’। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমি নিজেই। ঈদকে সামনে রেখে সংগীতার ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে। তবে এটি শ্রোতাদের হাতে পৌঁছাবে জুলাই মাসে। অ্যালবামের গানের শিরোনাম হচ্ছে ‘প্রিয়তমা’, ‘রঙিন হাওয়া’, ‘সহে না যাতনা’, ‘বলো না কোথায় তুমি, ‘মনের একলা ঘরে’, ‘ভালোবাসি’, ‘চোখ পড়েছে’, ‘প্রতিদিন দেখি তোমায়’, ‘অচেনা মায়া’ ও ‘শোনো মেয়ে’। রুমি বলেন, ‘সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি। বেশির ভাগ গানের কথা প্রেম-ভালোবাসা নিয়ে। তবে সুর ও সংগীতায়োজনে থাকছে নতুনত্ব। এ ছাড়া অ্যালবামে থাকছে পাঁচটি দ্বৈত গান। দুটি গেয়েছেন ন্যান্সি, একটি করে গেয়েছেন খেয়া, পড়শী এবং কলকাতার শুভমিতা।’ দ্বৈত গানের ব্যাপারে তিনি বললেন, ‘আমাদের দেশে এমন গান চলচ্চিত্রেই বেশি মানায়। আমার গুরু হাবিব ভাইকে (হাবিব ওয়াহিদ) দেখে কিছুটা অনুুপ্রাণিত হয়েছি। আমার বিশ্বাস দ্বৈত গানের যথেষ্ট চাহিদা আছে। বিষয়টি মাথায় রেখেই নিজের একক অ্যালবামে দ্বৈত গান রাখছি।’‘ভালোবাসি তোমায়’ অ্যালবামে মোট গান থাকছে ১০টি। এগুলোর পাঁচটি একক ও পাঁচটি দ্বৈত।