আরফিন রুমীকে ছাড়াই দূরবীন
ব্যান্ডের অন্যতম সদস্য আরফিন রুমীকে ছাড়াই ‘দূরবীন’কে পুনর্গঠন করা হচ্ছে। ব্যান্ডের দলনেতা শহীদ বলেন, ‘এখন থেকে দূরবীনের সঙ্গে আর গান করবেন না আরফিন রুমী। ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই না, রুমী আর দূরবীনের নাম ব্যবহার করুন।’তাহলে কি আরফিন রুমীকে দূরবীন থেকে বহিষ্কার করা হলো? শহীদ বলেন, ‘এভাবে বলতে চাইছি না। আমরা রুমীকে ছাড়াই ব্যান্ডের কার্যক্রম চালাতে চাই। কিছু পরিবর্তন হবে। আশা করছি, শিগগিরই ব্যান্ডে কয়েকটি নতুন মুখ যুক্ত হবেন।’শহীদ জানান, এখন দূরবীনে গান করবেন শুভ, আইয়ুব এবং তিনি নিজেও। গান লেখা এবং সুর ও সংগীত পরিচালনা কে করবেন—এসব বিষয়েও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে আরফিন রুমী বলেন, ‘দূরবীন শহীদ ভাইয়ের ব্যান্ড। তিনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন। এই ব্যান্ডের অনেক সদস্যকেই আমি যুক্ত করেছিলাম। আশা করছি, তাঁরা আমার সঙ্গেই থাকবেন।’ আরফিন রুমীর দ্বিতীয়বারের মতো বিয়ে এবং বিয়ে নিয়ে তাঁর নানা মন্তব্যের কারণে ৪ নভেম্বর দূরবীন ব্যান্ডের কার্যক্রম স্থগিত করেন শহীদ। শহীদ জানান, শিগগিরই দূরবীন ব্যান্ডের কার্যক্রম আবার শুরু হবে।