আরব নারীর বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক মাত্র শেষ হয়েছে। রেশ তখনো কাটেনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মঞ্চে দাঁড়িয়ে আছেন বিশ্বনাট্য সংস্থার বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ। তাঁর পাশে দাঁড়িয়ে এই নাটকের নির্দেশক এবং একমাত্র অভিনেত্রী লতিফা আহরের। দর্শকদের সম্ভাষণের জবাবে উচ্ছ্বসিত তিনি। দর্শকের উদ্দেশে বারবার বলছেন, ‘শুকরান! শুকরান!’ বিশ্বনাট্য সংস্থার বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতিক নাট্যোৎসবের শেষ দিন গত ৩ জুন রোববার দর্শক-কুশীলবদের প্রতিক্রিয়া ছিল এমনই প্রাণবন্ত।‘এশিয়ার নাটক, নাটকের এশিয়া’ শিরোনামে গত ২৭ মে শুরু হওয়া এই উৎসবের শেষ দিনে সৌদি নারী মালিহা আবদুল্লাহ রচিত দ্য পিয়ানিস্ট নাটকটি মঞ্চস্থ করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা কালচারাল অ্যান্ড মিডিয়া অথরিটি।সংযুক্ত আরব আমিরাতের মঞ্চনাটকের চেহারা সম্পর্কে তেমন জানাশোনা নেই আমাদের। ফলে একধরনের শূন্যতা সঙ্গে করেই যেন নাটক দেখতে এসেছেন সবাই। কিন্তু শুরুতেই নড়েচড়ে উঠতে হলো। মঞ্চে এলেন কালো গাউন পরা লতিফা আহরের। তিনি একাই এক শ। একক অভিনয়ের মাধ্যমে দর্শককে মোহাবিষ্ট করে রাখলেন পুরোটা সময়।শূন্য মঞ্চে একটি লাল বাক্স ও চার কোনা ফ্রেম নিয়ে একের পর এক বিভিন্ন চরিত্রে অভিনয় করে চলেছেন লতিফা। সংলাপ বলছেন আরবিতে। দর্শকের পক্ষে সেই আরবি সংলাপ বোঝা দুষ্কর। কিন্তু শারীরিক ভাষার প্রয়োগ ও অনবদ্য অভিনয়ের মাধ্যমে ক্ষণে ক্ষণে মঞ্চে মূর্ত হচ্ছে এক আরব নারীর বেদনা। এই নারী সংগীতবিদ্যায় উচ্চশিক্ষিত। তবে স্বামীর অনুশাসনে অবরুদ্ধ। নাটকজুড়ে বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে স্বপ্ন, সংগ্রাম ও স্বাধীনতার কথা বলে চলেছেন তিনি। কখনো পানির ওপর দিয়ে হাঁটছেন—শারীরিক ভঙ্গিতে এমন অভিব্যক্তির প্রকাশ। কখনো আবার বৃষ্টিস্নানের অভিব্যক্তি জাগিয়ে মুক্ত হতে চাইছেন বিভিন্ন সামাজিক অবরুদ্ধতা থেকে। এই মাত্র তাঁকে দেখা গেল নির্যাতিত নারীর ভূমিকায়, পরক্ষণেই আবার ফিরে গেলেন উচ্ছল স্বপ্ন-কল্পনায় নিজের জগতে। এর মধ্যে একসময় বক্তব্যের ঢংয়ে নিজেকে নিজেই বললেন, ‘তুমি মুক্ত, তুমি স্বাধীন।’ হ্যাঁ, দ্য পিয়ানিস্ট-এর নির্দেশক-অভিনেত্রী লতিফা আহরেরের মুখে এই সংলাপ দর্শক যখন বাংলা ভাষায় শুনতে পেলেন, মিলনায়তনজুড়ে তখন করতালির ঝড় উঠেছে।এরপর লতিফার অভিনয়ে আবারও নারীর বঞ্চিত জীবন। একটি ধাতব স্ট্যান্ডের সঙ্গে কোট ঝুলিয়ে মুহূর্তেই তৈরি করলেন পুরুষের অবয়ব। সেই পুরুষের সঙ্গে অভিনয় করলেন। পরক্ষণেই আবার পুরুষের অবয়ব ভেঙে ফিরে এলেন নারীর বাস্তবতায়। আরব বিশ্বে নারীর অবস্থান, নারী-পুরুষের সম্পর্ক তৈরিতে ধর্মের ভূমিকা এবং সমাজের সার্বিক চিত্র ফুটে উঠেছে বর্ণনাধর্মী এই নাটকে। নাটকের শেষ দৃশ্যে নিজের শরীরে একটি লম্বা সাদা কাপড় জড়িয়ে ধীরে ধীরে মঞ্চ ছেড়ে নেমে আসছেন লতিফা। তাঁর অভিব্যক্তিতে তখন মুক্তির আকাঙ্ক্ষা। এই তো তিনি নেমে এলেন দর্শকসারির সামনে। কিন্তু তখনো তাঁর শরীর পেঁচিয়ে আছে ওই সাদা কাপড়টি। তবে কি তিনি মুক্তি পেলেন, মুক্তি মিলল আরব নারীর? কাপড়টি যেন অবরুদ্ধতার প্রতীক হয়ে নারীকে জড়িয়ে রেখেছে আষ্টেপৃষ্ঠে। শেষ দৃশ্যের মতো দ্য পিয়ানিস্ট নাটকের অন্য দৃশ্যগুলোও একই রকম চিত্রকল্পময়। নাটক শেষে নাসিরউদ্দীন ইউসুফও বললেন এই কথাটি, ‘নাটকটি চিত্রকল্পময়। কবিতা, গান, নাচ আর অভিনয়ের বর্ণিলতায় ভরা।’