আরমান ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা জাহিদ হাসানের পথচলা শুরুর সময়েই এফডিসির চৌহদ্দিতে প্রথম পা পড়েছিল। তখন ১৯৮৮ সাল। পরিচালক আবদুল লতিফ বাচ্চুর বলবান চলচ্চিত্রের তিন নায়কের একজন তিনি। কিন্তু সিরাজগঞ্জ থেকে সদ্য ঢাকায় আসা উঠতি তরুণ জাহিদ হাসান কি সেদিন রুপালি পর্দার তারা ঝলমল ভুবনে কোনো দাগ কাটতে পেরেছিলেন? প্রশ্নের উত্তর না দিয়েও বলা যায়, সিরাজগঞ্জের বাহেরগোলা এলাকার পুলক টেলিভিশনের ছোট পর্দায় এসেই জাহিদ হাসান হয়ে উঠছেন। এরপর ক্রমাগত বদলে যাওয়ার পালা—তাঁর জাহিদ হাসান নামটিও আড়াল হতে শুরু করল। দর্শকের মুখে মুখে ফেরে কখনো তিনি ‘ক্যাকু ক্যাকু’, ‘মফিজ পাগল’, কখনো ‘গাধার বাচ্চা’, ‘মতি পাগলা’। হাল আমলে নিজের সব নামকে ছাপিয়ে তাঁর কেবল একটিই নাম—আরমান ভাই।বেশ কয়েক বছর ধরে বাংলাভিশনে ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত নাটক আরমান ভাই-এর বিভিন্ন সিক্যুয়াল তাঁকে এই নতুন পরিচিতি দিয়েছে। সম্প্রতি ছোট পর্দার আরমান ভাইয়ের ঠাঁই মিলছে বড় পর্দায়—নাটকের আরমান ভাইকে নিয়ে এবার চলচ্চিত্র হচ্ছে। টেলিভিশন থেকে আরমান ভাই যখন চলচ্চিত্রে পৌঁছে যাচ্ছেন, তখন আমাদেরও যেতে হলো জাহিদ হাসানের ধানমন্ডির বাসায়।তখন সন্ধ্যাটা ঠিকমতো এঁটে ওঠেনি। তাঁর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তেই জাহিদ হাসান আমাদের নিয়ে এলেন বসার ঘরে। আরমান ভাইয়ের মুখোমুখি আমরা। কথা শুরু হলো আরমান ভাই চলচ্চিত্রটি নিয়েই। হঠাৎ এটি চলচ্চিত্র হচ্ছে কেন? প্রশ্নকে ক্যাচের মতো লুফে নিয়ে খানিকটা দম নিলেন জাহিদ হাসান। এরপর তাঁর লম্বা সংলাপ, ‘বেশ কিছুদিন আগে পাইরেট অব ক্যারিবিয়ান-এর শেষ পর্বটি দেখছিলাম। ওখানে জনি ডেপকে আমার ভালো লাগেনি। কেমন যেন একঘেয়ে মনে হচ্ছিল। এ সময় হঠাৎই মনে হলো, আরে, জনি ডেপের মতো এত বড় অভিনেতাকে আমার যদি একঘেয়ে লাগতে পারে, তবে আরমান ভাইও তো দর্শকের কাছে একঘেয়ে হয়ে উঠতে পারে। ব্যস, সিদ্ধান্ত পাকা। রচয়িতা ও পরিচালক সকাল আহমেদকে বললাম, এই কোরবানি ঈদের পর্বটিই টেলিভিশনে আরমান ভাইয়ের শেষ। এরপর ছোট পর্দায় আর আরমান ভাই চরিত্রে অভিনয় করব না। যদি বড় পর্দায় আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র করতে চাও, তাহলে করতে পারি। আমার কথাতে দেখি ওরাও রাজি। তো আর কী, এরপর আরমান ভাই এবার চলচ্চিত্রে হাজিরা দেবেন। হা হা হা।’ হাসছেন তিনি। পর মুহূর্তেই হাসি থামিয়ে ছোট্ট করে বললেন, ‘তবে চলচ্চিত্রটির কাজকর্ম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’কথা বলতে বলতে জাহিদ হাসান ফিরে গেলেন চার বছর আগের কোনো একদিনে। তখন ২০০৮ সাল। পাণ্ডুলিপি নিয়ে সাগর জাহান এলেন তাঁর কাছে। তিনি পাণ্ডুলিপিটি দেখলেন। পছন্দ হলো চরিত্রটি। তারপর তিনি নেমে পড়লেন চরিত্র নির্মাণের কাজে—আরমান ভাই পান খাবে, সাদা পাঞ্জাবির বদলে রঙিন পাঞ্জাবি পরবে ইত্যাদি ইত্যাদি। একসময় তৈরি হলো আরমান ভাই ফাঁইসা গেছে শিরোনামে নাটকের প্রথম খণ্ড।‘এরপর প্রতিটি ঈদ আনন্দেই দর্শকের সঙ্গী হয়েছেন। ঢাকাইয়া ভাষায় আরমান ভাইয়ের দাদাগিরি আর হাস্যরসাত্মক কার্যকলাপ।’ জাহিদ হাসান বললেন, ‘আসলে চরিত্রের যৌক্তিক বিশ্বাসযোগ্যতা অর্জন, অভিনয়ের ভাষায় আমরা যাকে বলি “মেক বিলিভ”, এটি অর্জনই একজন অভিনেতার কাজ। চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারলেই দর্শক অভিনেতাকে গ্রহণ করে। আমি সব সময় সেই চেষ্টাই করি।’জাহিদ হাসানের সঙ্গে কথা হচ্ছে আমাদের। এর মধ্যে সেখানে এসে হাজির জাহিদ হাসানের ছেলে পূর্ণ। ওকে দেখিয়ে বললাম, ওরা কি আরমান ভাই নাটকটি পছন্দ করে? ‘দারুণভাবে। আমার মেয়ে পুষ্পিতা ও পূর্ণ—দুজনই এই নাটকের আরফান এবং বাদলকে খুব পছন্দ করে। কারণ, সব সময় তারা আরমান ভাইকে সহযোগিতা করেছে।’তারপর তিনি শোনালেন মজার এক ঘটনা, ‘আমি কিন্তু মানুষ ভালো নামে সারিকার সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। ওই নাটকে সারিকা আমাকে একটি গালি দেয়। এর পর থেকে অনেক দিন পর্যন্ত সারিকাকে ওরা দেখতে পারত না। অন্য এক নাটকে মীর সাব্বির আমাকে লাঠি নিয়ে তাড়া করেছিল। এটি দেখার পর সাব্বির হয়ে গেল ওদের দুই চোখের বিষ।’ ছেলেমেয়ের এসব কাণ্ড বলতে গিয়ে আবার হেসে কুটি কুটি হচ্ছেন তিনি। ওই হাসির ভেতরেই জানতে চাইলাম, আপনার স্ত্রী আপনার কাজ প্রসঙ্গে কী বলেন?এবার হাসিটা আর বাড়ালেন না জাহিদ হাসান। বেশ কঠিন মুখে বললেন, ‘মৌ আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। ও এত সমালোচনা করে যে মাঝেমধ্যে আপসেট হয়ে যাই। অবশ্য তাতে নিজের ভুলগুলো শুধরে নিতে পারি।’আড্ডায় আড্ডায় জাহিদ হাসান মেলে ধরেছেন তাঁর রাজধানী-জীবনের ২২ বছর—সেই যে মফস্বলের ‘তরুণ নাট্যসম্প্রদায়’-এ একদিন নাটক করত ছেলেটি। অভিনয়ের নেশায় ঢাকায় এল সে। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করল। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে অভিনয়ের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জুটল কপালে। এখন আরমান ভাই নিয়ে আবারও চলচ্চিত্রের রুপালি পর্দায়।অতঃপর গন্তব্য কোথায়?প্রশ্নটি শুনে মুখে কোনো কথা নেই জাহিদ হাসানের। তিনি তাকিয়ে আছেন ওপরের দিকে। একসময় পরিষ্কার হলো আমাদের আরমান ভাইয়ের ওপরে তাকানোর অর্থ। খুব সরল এ অর্থটি হলো, ‘ঈশ্বর জানেন।’