এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক আঁধারে আলো। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন তিশা। নাটক আর ঈদ নিয়ে কথা হলো তিশার সঙ্গে।এবার ঈদের সময়টা কেমন কাটালেন?দারুণ কাটিয়েছি। ঈদের সময়টা আমাদের আসলেই ভালো কাটে। কারণ, কোনো শুটিং থাকে না। পুরোটা সময় বাসায় থাকি। পরিবারকে সময় দিই। আর আমি যখন বাসায় থাকি, তখন নিজেই রান্না করি। এবার ঈদেও রান্না করেছি। এই সময়টাতে বাসায় আত্মীয়স্বজন আর বন্ধুরা আসেন। তাঁদের সঙ্গে আড্ডা দিই।টিভির অনুষ্ঠান দেখা হয়েছে?তা দেখেছি। নিজের কাজগুলোর পাশাপাশি অন্যদের কাজও দেখেছি।এবারের অনুষ্ঠানগুলো কেমন মনে হয়েছে?রোজার ঈদের অনুষ্ঠানগুলো দেখে যেমন খুব বেশি খুশি হয়েছিলাম, এবার ততটা খুশি হতে পারিনি। এর একটা কারণ হতে পারে, রোজার ঈদের পর নির্মাতারা সময়টা খুবই কম পেয়েছেন। আর ভালো গল্পের অভাব। তার পরও এবার কিছু কাজ খুব ভালো লেগেছে। কিছু কাজ যতটা আশা নিয়ে দেখতে বসেছিলাম, তা পূরণ করতে পারেনি।বাংলাভিশনে এবার প্রচার হচ্ছে ছয় পর্বের ধারাবাহিক ‘আরমান ভাই হানিমুনে’। নাটকটি দেখছেন?হ্যাঁ। আমি বলব, ‘আরমান ভাই’ সিরিজের মধ্যে সবচেয়ে মজার হয়েছে আরমান ভাই হানিমুনে। এটাই হয়তো এই সিরিজের শেষ নাটক। কারণ, নির্মাতারা এরপর আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করছেন।আপনি নিশ্চয়ই অভিনয় করবেন?তা এখনই বলতে পারছি না। আগে স্ক্রিপ্ট তৈরি হোক। তারপর দেখা যাবে।আজ আপনার অভিনীত ‘আঁধারে আলো’ নাটকটি প্রচারিত হবে।দারুণ একটা গল্প। নাটকে আমি নৃত্যশিল্পী। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী। আমি নাচ-গান শিখেছি ছোটবেলায়। ২০০৪ সালে আব্বু মারা যাওয়ার পর নাচ-গানের চর্চা আর করা হয়নি।