আরলি টু বেড অ্যান্ড আরলি টু রাইজ আমার হয় না: বাপ্পা মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত দোষ আমি খুবই এলোমেলো ধরনের মানুষ। ফলে ‘শৃঙ্খলা’, ‘নিয়মানুবর্তিতা’ শব্দগুলো আমার থেকে কমপক্ষে সাত হাত দূরে থাকে। ‘আরলি টু বেড অ্যান্ড আরলি টু রাইজ’ আমার হয় না। অবশ্য কখনো কখনো মনে হয়, নিয়মের মধ্যে থাকতে পারলে ভালো হতো। কিন্তু কী করব, আমার মনই আবার বলে যে নিয়মটা তোমার জন্য নয়। হা হা হা...এই যে এলোমেলো চলাফেরা, এটা কিন্তু আমার একটা দোষ! আমি সংগীতশিল্পী। প্রতিদিনই বুঝি যে নিজের গান গাওয়ার ক্ষেত্রে আরও বেশি রেওয়াজ করা দরকার, তবে করি করি করে রেওয়াজটা আর হয়ে ওঠে না। যতই ভাবি আরও বেশি রেওয়াজ করব, সেটা হয় না। ওদিকে সময় বহিয়া যায়...। অনেকে বলেন, অমুকের জন্য হ্যাঁ বলুন, তমুকের জন্য হ্যাঁ বলুন; সেটা মেনেই কিনা জানি না, আমি কাউকে ‘না’ বলতে পারি না। এটা আমার জন্য একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জীবনে এ কারণে মাঝেমধ্যেই ঝামেলা তৈরি হয়। আগেও হয়েছে এবং বলতে পারি, ভবিষ্যতেও হবে!আমার যত গুণ নিজের কাজের ব্যাপারে আমি খুবই মনোযোগী ও আন্তরিক। যখন যে কাজটা করি, পরিপূর্ণ মন লাগিয়েই করি—এটা আমার ভালো গুণ বটে! ব্যক্তিজীবনে আমি সাংঘাতিক ইতিবাচক একজন মানুষ। সব সময় মানুষের ভালো গুণ, ভালো দিকগুলোই দেখার চেষ্টা করি। আমি আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। নিজের কাজের ভালো-মন্দ বুঝতে পারি। সেই সূত্রে বলা যেতে পারে, আমি মনে হয় খারাপ গান করি না। গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ