আরাধ্যকে দেখতে ‘জলসা’য় গেলেন শাহরুখ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে দেখতে সম্প্রতি বচ্চনদের বাড়ি ‘জলসা’য় গিয়েছিলেন অভিনেতা শাহরুখ খান। তিনি বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় রাত দেড়টা পর্যন্ত সময় কাটান। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে ‘জলসা’য় এসেছিলেন শাহরুখের কাছের বন্ধু ফারাহ খান। কাকতালীয়ভাবে একই সময়ে শাহরুখ জলসার পাশেই একটি কাজে গিয়েছিলেন। সেখান থেকে গাড়ি চালিয়ে তিনি সোজা চলে যান আরাধ্যর সঙ্গে দেখা করতে। সেখানে রাত দেড়টা পর্যন্ত অবস্থান করেন তিনি। সূত্রটি জানিয়েছে, আরাধ্যকে দেখার পাশাপাশি তার সঙ্গে শিশুসুলভ খেলায়ও মেতে ওঠেন শাহরুখ। এর আগে খবর প্রকাশিত হয়েছিল, বচ্চন পরিবারের সঙ্গে খিটিমিটি লেগেছে শাহরুখের। তবে সম্প্রতি বচ্চন পরিবারের সঙ্গে একান্তে সময় কাটিয়ে সে গুঞ্জনে শাহরুখ পানি ঢেলে দিলেন বলেই রায় দিয়েছেন বলিউড পাড়ার বাসিন্দারা। এ প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে, ‘বরাবরই পেশা জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও সুসম্পর্ক বজায় রেখেছেন শাহরুখ এবং অভিষেক। তাঁরা ‘কাভি আল বিদা না কেহ না’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ঐশ্বরিয়ার সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন শাহরুখ। ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর টুইটারে অভিষেককে অভিনন্দন জানান তিনি। বাবা হিসেবে দায়িত্ব পালনের জন্য অভিষেককে মুফতে পরামর্শ দিতেও চেয়েছিলেন শাহরুখ।’