আরিয়ানকে নিয়ে স্মৃতিকাতর শাহরুখ

টুইটারে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের অনুসারীর সংখ্যা ৮০ লাখ পেরিয়ে গেছে। প্রায়ই সন্তানদের নিয়ে টুইটারে আবেগপূর্ণ মন্তব্য প্রকাশ করে স্নেহশীল বাবা হিসেবে সুনাম কুড়িয়েছেন খান সাহেব। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ছেলে আরিয়ানকে নিয়ে স্মৃতিকাতর ও হূদয়স্পর্শী একটি মন্তব্য টুইট করে খবরের শিরোনাম হলেন কিং খান। মন্তব্যের পাশাপাশি আরিয়ানকে কোলে নিয়ে তোলা পুরোনো একটি ছবিও তিনি জুড়ে দিয়েছেন।
ছোট্ট আরিয়ানকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে ছবির নিচে শাহরুখ লিখেছেন, ‘একটা সময় ছিল যখন এমন রাশি রাশি নিষ্পাপতাকে বাহুবন্দী করতে পারতাম আমি। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সন্তানের বয়সও যেন অবিশ্বাস্য গতিতে ছুটে চলে। আজ আরিয়ানের কাঁধ আমার কাঁধকে ছাড়িয়ে গেছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।
স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে শাহরুখের সুখের সংসার। ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার বয়স যথাক্রমে ১৭ ও ১৪। ২০১৩ সালে শাহরুখ তৃতীয় সন্তানের বাবা হন। ছেলে আবরামের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। এ পদ্ধতিতে মা-বাবার অনাগত সন্তানের ভ্রূণ পরিবারের বাইরের কোনো নারীর গর্ভে বেড়ে ওঠে।
বরাবরই নিজেকে দায়িত্বশীল বাবা হিসেবে প্রমাণ করেছেন শাহরুখ। সন্তানদের প্রচণ্ড ভালোবাসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ বলেন, ‘আমার বদভ্যাসগুলো আমার সন্তানেরা পায়নি। তারা সত্যিই অনেক লক্ষ্মী। এ জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সুহানা, আবরাম আর আমার মধ্যে কেবল একটি বিষয়েই মিল আছে। আর তা হলো আমাদের গালের টোল।’

যেকোনো উপায়ে সন্তানদের সুখী ও সুস্থ দেখতে চান শাহরুখ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সব সময় আমি তাঁদের সুখী ও সুস্থ জীবন কামনা করি। মনের সুখের জন্য যা ইচ্ছা তা করতে পারে তারা। কোনো কিছুতেই আমি তাদের বাধা দিই না। আমি কখনোই তাঁদের অভিনয়শিল্পী, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে বলিনি। নিজেদের পছন্দমতো পেশা নির্বাচনের জন্য তারা পুরোপুরি স্বাধীন।’
প্রচণ্ড কাজের ব্যস্ততার ফাঁকে সময়-সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দারুণ পছন্দ করেন শাহরুখ। প্রায় রাতেই তিনি ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে ঘরে বসে ছবি দেখেন। তিনি প্রতিদিন সকালে মেয়ের কপালে চুমু খেয়ে ঘর থেকে বের হন।
মেয়ে সুহানা সম্পর্কে এক টুইটে শাহরুখ লিখেছিলেন, ‘যখন অলৌকিক কিছু দেখার ইচ্ছা হয়, তখনই আমি আমার মেয়ের চোখের দিকে তাকাই। সুহানার চোখের দিকে তাকালেই মনে হয়, অলৌকিক কিছুর সন্ধান পেয়ে গেছি আমি। সে চমত্কার নাচতে পারে। তার নাচ দেখলে মনে হয়, ঘুম আর জাগরণের মাঝামাঝি একটি জায়গায় যেন দাঁড়িয়ে আছি আমি।’
সন্তানদের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি তাদের নানা সুপরামর্শও দেন শাহরুখ। গত বছর ছেলে আরিয়ানকে হিতোপদেশ দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শাহরুখ। নারীদের সম্মান করা শেখার জন্য আরিয়ানকে নানা পরামর্শ দেন বলেই জানিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘নারীদের প্রতি অসম্মানের কোনো ঘটনা ঘটলে আমরা দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত হয়ে যাই। আমাদের যেন আর কোনো দায়িত্বই নেই! নারীদের প্রতি ভদ্র ও শ্রদ্ধাশীল আচরণের গুরুত্ব নিয়ে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা না করার প্রবণতা থেকে প্রত্যেক মা-বাবার বের হয়ে আসা উচিত। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষাটা খুব জরুরি। পরিবার থেকেই সন্তানকে নানা বিষয়ে সুপরামর্শ দিতে হবে। আমি এটা শুরু করেছি। আপনারাও করুন।’
শাহরুখ আরও বলেছিলেন, ‘আমি আমার ছেলে আরিয়ানকে প্রায়ই বলি, কখনো কোনো নারীর মনে আঘাত দেবে না। সব সময় তাঁদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করবে এবং শ্রদ্ধার চোখে দেখবে। কোনো নারীর প্রতি অন্যায় আচরণ চোখে পড়লে তুমি তার প্রতিবাদ করবে। আর তুমি যদি কোনো নারীর সঙ্গে অন্যায় আচরণ করো, তাহলে তোমার মা-বাবা কখনোই তোমাকে ক্ষমা করবে না।’
এ ছাড়া মেয়ে সুহানাকে বাবার মতোই প্রেমিক নির্বাচনের পরামর্শ দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শাহরুখ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমার ধারণা, ভালোবাসার মানুষ হিসেবে আমি যথেষ্ট ভালো। আমি খুবই ভদ্র, ভালোবাসাপরায়ণ, শিক্ষিত এবং মনের মানুষের প্রতি যত্নশীল। মেয়ে সুহানার প্রতি আমার পরামর্শ—সে যেন আমার মতোই একজন ছেলেবন্ধু খুঁজে নেয়। তবে আমার চরিত্রে মন্দ একটি দিক আছে। আমি মাঝেমধ্যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমি চাই, সুহানার মনের মানুষটির মধ্যে যেন এই দোষটি না থাকে।’