আরেকবার জেমস বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ক্রেগ ও মনিকা বেলুচ্চি
ড্যানিয়েল ক্রেগ ও মনিকা বেলুচ্চি

জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। তবু কী কারণে যেন তাঁকে অপছন্দ অনেকের। এই চরিত্রে তাঁর পূর্বসূরি পাঁচ অভিনেতাই পর্দায় আবির্ভূত হয়েছিলেন শহুরে সুসভ্য ফুলবাবুর সাজে। সেই ভাবমূর্তি ভেঙে চরিত্রটিকে পরিশ্রমী আর লড়াকু রূপ দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ক্রেগ। অথচ একই কারণে তাঁর নিন্দুকেরা বলেছেন, বন্ডের সহজাত আভিজাত্যটাই মুছে দিয়েছেন ক্রেগ। আগের বন্ড ছিলেন বুদ্ধিদীপ্ত এমন এক গোয়েন্দা, যিনি সমাজের সবচেয়ে উঁচু শ্রেণির সঙ্গে মিশে যেতে পারতেন। আর এখনকার বন্ডকে কেমন যেন সিকিউরিটি গার্ডের মতো দেখায়!
যে যা-ই বলুক, বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দার ভূমিকায় ক্রেগের অভিনয়ে ক্যাসিনো রয়েল, কোয়ান্টাম অব সোলেস ছিল বক্স অফিসে নিঃসন্দেহে সফল। স্কাইফল ছবিটি তো ১১০ কোটি মার্কিন ডলার আয় করে বন্ড সিরিজের সফলতম চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে। সিরিজের নতুন ছবি স্পেকটর গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ঢাকার স্টার সিনেপ্লেক্স আর ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পায়। উত্তর আমেরিকায় প্রথম তিন দিনেই ছবিটির আয় ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অবশ্য সিরিজের আগের ছবি স্কাইফল প্রথম তিন দিনে ৮ কোটি ৮৪ লাখ ডলার আয় করে বক্স অফিসে আরও বেশি সফল হয়েছিল।
তবু সমালোচকদের মুখ আপাতত বন্ধ করে দিয়েছে স্পেকটর-এর এই প্রাথমিক সাফল্য। ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটির মূল চরিত্র ব্রিটিশ গোয়েন্দার ভূমিকায় ড্যানিয়েল ক্রেগ। সম্ভবত বন্ড সিরিজে এটিই তাঁর শেষ উপস্থিতি। ছবিতে আরও আছেন মনিকা বেলুচ্চি, লেয়া সেইদু ও ক্রিস্টোফ ওয়াল্টজ প্রমুখ।
ছবির গল্পে গুপ্ত সংগঠন স্পেকটারের অনুসন্ধানের অভিযানে জড়িয়ে যান বন্ড। রোমে একজন চমৎকার ও রহস্যময় নারীর (মনিকা বেলুচ্চি) সঙ্গে সাক্ষাৎ ও প্রণয়। এরপর ইতালি থেকে বন্ড চলে যান অস্ট্রিয়ায়। সেখানে আরেক ‘বন্ড গার্ল’ লিয়া সেইদুর সঙ্গে পরিচয়। একসঙ্গে ট্রেনযাত্রা, পান-ভোজন, আর রুদ্ধশ্বাস অ্যাকশন। বন্ড সিরিজের যাবতীয় মালমসলার কমতি নেই এ ছবিতে—দ্রুতগতির ধাওয়া দৃশ্য, নারী চরিত্রের আবেদনময়ী উপস্থাপন, অত্যাধুনিক প্রযুক্তি, সরস কথাবার্তার খেলা ইত্যাদি। শুটিং হয়েছে অস্ট্রিয়া, ব্রিটেন, ইতালি, মেক্সিকো ও মরক্কোয়।
আশিস আচার্য, এএফপি ও গার্ডিয়ান অবলম্বনে