আর্কাইভসবিষয়ক কর্মশালা
বাংলাদেশ জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী ‘বাংলাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা এবং জাতীয় উন্নয়নে ভূমিকা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থাসমূহ, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস)। প্রধান অতিথি বলেন, ‘কর্মশালায় অংশগ্রহণকারীরা তাঁদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন বলে বিশ্বাস করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন পর্ষদের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) সভাপতি অধ্যাপক শরীফউদ্দিন আহমেদ।