আর্জেন্টিনায় চুরির শিকার জেনিফার লোপেজ
আর্জেন্টিনায় ড্যান্স অ্যাগেইন ট্যুরে অংশ নিতে গিয়ে চুরির শিকার হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। চোর তাঁর ব্যক্তিগত কম্পিউটার, শখের ক্যামেরা, জাতীয় পরিচয়পত্র, এমনকি পাসপোর্টসহ বেশকিছু জরুরি কাগজপত্র নিয়ে যাওয়ায় বেশ বিপাকেই পড়েছেন ৪২ বছর বয়সী এ তারকা। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার জিইবিএ স্টেডিয়ামে কনসার্টে অংশ নেন লোপেজ। সেখানকার ড্রেসিং রুম থেকেই তাঁর জিনিসপত্র খোয়া গেছে। কনসার্ট শুরুর আগে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করলে চিকিত্সা নিতে তিনি একটি ক্লিনিকে গিয়েছিলেন। ঘণ্টা খানেক পর সেখান থেকে ফিরেই জানতে পারেন তাঁর কম্পিউটার, শখের ক্যামেরা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ বেশকিছু জরুরি কাগজপত্র চুরি গেছে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ফক্স নিউজ। শুধু লোপেজই নন, তাঁর ম্যানেজার বেনি মেদিনাও চুরির শিকার হয়েছেন। পরিচয়পত্র, ফরমসহ গুরুত্বপূর্ণ সব কাগজ হারিয়ে বেশ বিপাকে পড়েছেন মেদিনাও। কাগজগুলো না পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা ছাড়তে পারবেন না তিনি। অবশ্য চুরির ঘটনা জানার পরও কনসার্ট বাতিল করেননি লোপেজ। ‘গেট রাইট’, ‘লেটস গেট লাউড’, ‘ওয়েটিং ফর টুনাইট’সহ জনপ্রিয় সব গান গেয়ে দর্শক মাতিয়েছেন নিউইয়র্কে জন্ম নেওয়া এ শিল্পী।