আর্ট ক্যাম্পে দুই দেশের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১৮ জন প্রথিতযশা চিত্রকরের অংশগ্রহণে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এক আর্ট ক্যাম্প। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী।বাংলাদেশ থেকে আসা ছয়জন চিত্রকর তাঁদের তুলির ছোঁয়ায় আঁকেন উদ্বোধনী চিত্রটি। প্রথম তুলি ধরেন কাইয়ুম চৌধরী। এরপর একে একে তুলি ধরেন সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মাহমুদুল হক, ফরিদা জামান ও ইয়াসমিন জাহান। আর্ট ক্যাম্প শুরুর আগে স্বাগত বক্তৃতায় উপ-হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, ‘এই আর্ট ক্যাম্প আমাদের দুই দেশের সংস্কৃতিকে আরও দৃঢ় করবে।’ প্রধান অতিথি কাইয়ুম চৌধুরী বলেন, ‘সংস্কৃতিই পারে দেশে দেশে বন্ধুত্বের মেলবন্ধন দৃঢ় করতে। পারে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করতে। রাজনীতি যা পারে না, সংস্কৃতি তা পারে।’ এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। সহযোগিতায় ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন।আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী কলকাতার শিল্পীরা হলেন: সুনীল দাস, শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, প্রকাশ কর্মকার, অমিতাভ সেনগুপ্ত, জয়শ্রী চক্রবর্তী, সুখময় মজুমদার, ধীরাজ চৌধুরী, রবীন মণ্ডল, গণেশ হালুই ও জয়া গাঙ্গুলি।