আর্ট বিয়েনালে 'মানুষ সময়ের ক্রীতদাস'

শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় এলে গ্যালারি-১-এর কাচের দরজার সামনে পড়বে শোয়ানো একটি সাইকেল। একটি পিলারের চারপাশে ছুটে চলা মানুষের পায়ের ছাপ। পড়ে আছে কয়েকটি ঘড়ি। পাশেই দেয়ালে টানানো মনিটরে শোয়ানো সাইকেলটি জীবন্ত হয়ে চলছে পিলারকে ঘিরে। নিচে লেখা শিল্পকর্মের নাম ‘মানুষ সময়ের ক্রীতদাস’।
শিল্পী মাহাবুবুর রহমানের শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছে ‘১৭তম এশিয়ান আর্ট বিয়েনালে’। মানুষ সময়ের দ্বারা আবদ্ধ। সকালে ঘুম থেকে ওঠার পরই চোখ চলে যায় ঘড়ির কাঁটায়। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও চোখ চলে যায় দেয়ালে ঘড়ির দিকে। এভাবে কাটে দিন, সপ্তাহ, মাস, বছর করে সারাটি জীবন। জীবনের সঙ্গে সময়ের এই সম্পর্ক নিয়ে শিল্পকর্মটি তৈরি হয়েছে।
শিল্পী মাহাবুবুর রহমান বলেন, ‘এই যে আপনি এখন এই লেখাটা পড়ছেন এই মুহূর্তেই ভাবছেন ঘড়ির কাঁটায় কয়টা বাজছে। মানুষের সঙ্গে সময়ের এই সম্পর্ক যেমন, তেমনি মানুষ সময়ের ক্রীতদাসও। সময়ের কাঁটা ব্যতিরেকে সে চলতে পারে না।’
বিয়েনালে এশীয় ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোসহ ৫৫টি দেশের ৩৫৭ জন শিল্পীর ৪৯৪টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনী দেখা যাবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।