আর্টসেলের নতুন পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্টসেল ব্যান্ডের সদস্যরা
আর্টসেল ব্যান্ডের সদস্যরা

ফাইভ...ফোর...থ্রি...টু...ওয়ান...স্টার্ট! ‘হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন এবিসি রেডিও...!’ এতটুকু বলে ১৬ জুন বৃহস্পতিবার শো শুরু করলেন আরজে সমন্বয়। টেবিলে ‘ড্রাম বাজানো’ থামিয়ে অনুষ্ঠানের দিকে মনোযোগ দিলেন লিংকন। নড়েচড়ে বসলেন আর্টসেল ব্যান্ডের এই ভোকাল। ঘড়িতে তখন ৭টা বেজে ৩০ মিনিট। স্টুডিওতে লিংকনের সঙ্গে ছিলেন গিটারিস্ট এরশাদ।
মাস খানেক আগেও দেশের রক বা মেটালহেডদের জন্য বিশাল এক আক্ষেপ ছিল আর্টসেল ব্যান্ডের ‘শীতঘুম’। দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হওয়ার ১০ বছর পর সম্প্রতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে নতুন অ্যালবামের কাজ। এত বছর পর প্রিয় ব্যান্ডের নতুন পথচলা উদ্যাপন করতে কজন আর্টসেলভক্ত ভাবলেন অন্য রকম কিছু করার কথা। সে উদ্যোগে যুক্ত হলো জিপি মিউজিক। শতাধিক আর্টসেলপাগল মিলে গিটারে তুলল ব্যান্ডটির অন্যতম জনপ্রিয় গান ‘পথচলা’র সুর। ফেসবুক ও ইউটিউব শোরগোল ফেলে দেওয়া এই ট্রিবিউটটি নিশ্চয়ই দেখেছেন অনেকেই।
শ্রোতাদের সঙ্গে সে আয়োজনের গল্প করতেই স্টুডিওতে এসেছিল আর্টসেল। সঙ্গে জিপি মিউজিকের পক্ষ থেকে জাকি আদনান। আয়োজনের মূল তিন উদ্যোক্তা শাকিল, ফাহাদ ও সৌরভও ছিলেন সেখানে।
ট্রিবিউটের কথা উঠতেই শোনা গেল উচ্ছ্বসিত তিন ভক্তের আবেগমাখা কণ্ঠ, ‘অনেক দিন ধরে নানা রকম গুজব শোনা যাচ্ছিল যে নতুন গান আসছে না, আর্টসেল ব্যান্ডটা ভেঙে গেছে! মূল শিল্পীরা লাইভ পারফর্ম করছেন না। এর মধ্যে হঠাৎ ফেসবুকে দেখলাম, অবিমৃষ্যতা নামে নতুন একটা মিউজিক ভিডিও বের হয়েছে। খুব অবাক হয়ে দেখলাম, সেখানে মূল চারজনই আছেন! একজন ভক্ত হিসেবে এই ব্যাপারটা একদম স্বপ্নের মতো। তা দেখে মনে হলো যে এই ফিরে আসা অন্যভাবে উদ্যাপন করা উচিত। এই ভাবনা থেকেই শুরু।’
কথার মাঝে জাকি আদনানের ফোড়ন, ‘আরে! এরশাদ ভাইয়ের চোখে পানি!’
‘এমন অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি।’ বলছিলেন এরশাদ, ‘এতগুলো গিটার একসঙ্গে বাজলে তো সমুদ্রের মতো শব্দ হয়! তাছাড়া “পথচলা” গানটা আমাদের কাছে অনেক আবেগের। এটা লেখা শুরু করেছিল রূপক। মাঝপথে সে চিরতরে আমাদের ছেড়ে চলে গেল। বাকি গানটা শেষ করেছে রুম্মান।’
শোর শেষ ভাগে আরজে সমন্বয় করে বসলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রশ্নটা, ‘কবে আসছে নতুন অ্যালবাম?’ উত্তর দিতে গিয়ে গড়িমসি করছিলেন এরশাদ, ‘খুব তাড়াতাড়ি আসবে।’
আরজে তো আশার বাণী মানার পাত্র নন। তার জোরাজুরি দেখে পাশের ঘর থেকে আর্টসেলের প্রধান নির্বাহী মাজেদুল ইসলাম এরশাদের দিকে হাত দিয়ে বন্দুক তাক করার ভঙ্গি করে বুঝিয়ে দিলেন, খবরটা ছড়ালে তার ‘খবর’ আছে! ততক্ষণে অন-এয়ারে এরশাদ বলছিলেন, ‘প্রথমে জিপি মিউজিকে অ্যালবামের গানগুলো শোনা যাবে। আর্টসেলিজম ওয়েবসাইটে তার কাউন্টডাউনও চলছে। এ ছাড়া সামনে ব্যান্ডের পক্ষ থেকে খুব শিগগির বাজারে অ্যালবাম ছাড়া হবে।’
শো শেষে চা নিয়ে আমাদের মুখোমুখি হলেন দুই শিল্পী। ‘অবিমৃষ্যতা’ গানের মিউজিক ভিডিও খেয়াল করলে দেখা যায়, বাকি তিন শিল্পী একসঙ্গে থাকলেও ড্রামার সাজুর ভিডিও আলাদাভাবে করা। সামনের দিনগুলোয় তাঁদের চারজনকে একই মঞ্চে দেখা যাবে কি না? প্রশ্ন শুনে লিংকন ও এরশাদের কপালে ভাঁজ। ত্রাণকর্তা হয়ে তাঁদের উদ্ধার করলেন মাজেদুল ইসলাম। বললেন, সামনে জিপি মিউজিক থেকে অ্যালবাম বেরোনোর পর তা প্রকাশ করা হবে আর্টসেলের পক্ষ থেকে। এরপর অ্যালবামের প্রচারণার কাজে পুরো দেশে আয়োজন করা হবে বেশ কয়েকটা অনুষ্ঠান। সেখানেই চারজনকে একসঙ্গে দেখা যাবে। আর এই আয়োজনের কাজগুলো করবে ‘আর্টসেল আর্মি’।
আর্টসেল আর্মি? সেটা আবার কী? ব্যাপারটা খোলাসা করলেন মাজেদুল, ‘ব্যান্ডের নতুন পথচলা এগিয়ে নিতে প্রয়োজন লোকবলের। সে জন্য প্রয়োজন সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভক্তদের এক করা। আর্টসেল আর্মি ঠিক সেই কাজটাই করবে। www.artcellism.com-এই সাইটে গিয়ে আর্টসেল আর্মিতে যোগ দেওয়ার সুযোগ ছিল। গ্রুপে সদস্য সংখ্যা পাঁচ হাজার পেরোনোর পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।’
আর্টসেল আর্মিতে যোগ দেওয়ার সুযোগ বন্ধ। কিন্তু সেটার জন্য ‘দুঃখ বিলাস’ করার অবকাশ নেই! কারণ, ‘অলস সময়’ পার করে আর্টসেল যে শুরু করেছে নতুন ‘পথচলা’!