আর্তের সেবার সুযোগ
সাভার বিপর্যয়ের কারণে অনুষ্ঠানে আসবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তাহিয়া তাবাসসুম। কিন্তু তিনি তো সারা বছর ধরে এমন একটি অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন, যেখানে চলচ্চিত্র ও টিভি জগতের তারকা-মহাতারকারা উপস্থিত থাকেন। সাভারের বিপর্যস্ত মানুষের জন্য কিছু করার প্রত্যয় আর তারকাদের দেখার আশার মধ্যে তৈরি হয় দ্বিধা। তাহিয়া বন্ধুদের চাপে চলেই আসেন অনুষ্ঠানে। সঙ্গে আরও দুই বন্ধু এসেছেন। কিন্তু অনুষ্ঠানে এসে অবাক হয়ে পড়েন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চারদিকে কালো ব্যানার, শোকাহত-বিপর্যস্ত মানুষগুলোর কথা ভেবে সবার মন খারাপ। আরও অবাক হয়ে যান তিনি, যখন দেখেন অনুষ্ঠান-মঞ্চ থেকে বিশিষ্ট লেখক আনিসুল হক জানালেন সাভারের জন্য এখানেও অর্থ সাহায্য করা যাবে। ভেন্যুর বাইরে রাখা বাক্সে অর্থ দেওয়ার সুযোগ ছিল, তাহিয়া সেই সুযোগে সেখানে জমা দেন তাঁর অর্থ। সাভারের বিপর্যস্ত মানুষের জন্য কিছু অর্থ জমা দিতে পেরে বেশ তৃপ্ত ছিলেন তিনি। যাওয়ার সময় প্রথম আলো ট্রাস্টের যোগাযোগ নম্বর সংগ্রহ করে নিয়ে যান, যাতে দুর্গত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য আরও অর্থ দিতে পারেন তিনি।