আর্থার মিলারের জন্মদিনে ‘পুশিক্যাট ও প্লাম্বার’
মার্কিন নাট্যকার আর্থার মিলারের ৯৫তম জন্মদিন ছিল গতকাল রোববার। আর এই দিনে পুশিক্যাট ও প্লাম্বার নাটকের কারিগরি প্রদর্শনী তাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছে নাগরিক নাট্যাঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে পুশিক্যাট ও প্লাম্বার নাটকের কারিগরি প্রদর্শনী হলো গতকাল সন্ধ্যায়।নাগরিক নাট্যাঙ্গনের লাকি ইনাম জানান, সেই সব দিনগুলো নাটকের দুই বছর পর তাঁরা পুশিক্যাট ও প্লাম্বার মঞ্চে এনেছেন। আজ সোমবার একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় কারিগরি প্রদর্শনী হবে।পুশিক্যাট ও প্লাম্বার নাটকের নির্দেশনা দিচ্ছেন লাকি ইনাম। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বললেন, ‘সমাজ বা রাষ্ট্রীয় জীবনে মানুষের মধ্যে যে দ্বৈত সত্তা কাজ করে, তা খুবই ক্ষতিকর। আর তা যদি সমাজ বা রাষ্ট্রের সঞ্চালকের ক্ষেত্রে ঘটে, এর ভয়াবহতা আরও বেশি। নাটকে একটি শহরকে দেখানো হয়েছে। যেখানে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। সমাজের এসব বিষয় নাট্যকার আর্থার মিলারকে প্রচণ্ড পীড়া দিত। আর সেই বোধ থেকে তিনি নাটকটি লিখেছেন; যেখানে প্রতীকী হিসেবে একটি পুশিক্যাটকে শহরের মেয়র পদে উপস্থাপন করেছেন। তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণ ক্ষেতমজুর শ্রেণী। কারণ, একমাত্র মানুষই পারে সমাজকে বদলাতে।’নাটকে ‘পুশিক্যাট’ চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। আরও অভিনয় করছেন হূদি হক, সাজ্জাদ রেজা প্রমুখ।