আর্থিক সহায়তা পেলেন অসুস্থ অভিনেতা কায়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন তিনি। চলচ্চিত্রে তাঁর অভিনয় দেখে দেশের মানুষ হাসত, কাঁদত, বেঁচে থাকার প্রেরণা খুঁজত। বাংলা চলচ্চিত্রের উন্নয়নধারায় তাঁর অবদান অনেক। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে এই চলচ্চিত্র অভিনেতা আজ জীবনসায়াহ্নে এসে অসহায় হয়ে পড়েছেন। তিনি শামসুদ্দিন কায়েস। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তাঁকে। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে বিনোদন পাক্ষিক ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমানসহ বেশ কজন গণমাধ্যমকর্মী মধুবাগে অবস্থিত শামসুদ্দিন কায়েসের বাসায় তাঁকে দেখতে যান। তাঁরা বরেণ্য অভিনয়শিল্পী কায়েসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় ‘আনন্দ আলো’র পক্ষ থেকে ৫০ হাজার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এই গুণী শিল্পীকে। অপ্রত্যাশিতভাবে এই আর্থিক সহায়তা পেয়ে কায়েস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আজ আমার মনে হচ্ছে আমি একা নই। বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেলাম।’ তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও ‘আনন্দ আলো’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।কায়েস ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন একসময়ের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত কুষ্টিয়ায়। তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। মঞ্চ ও বেতারের দক্ষ অভিনেতা কায়েসের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে ষাটের দশকে। তাঁর প্রথম অভিনীত ছবি ‘ঘূর্ণিঝড়’ মুক্তি পায় ১৯৬৬ সালে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘ঝড়ের পাখি’, ‘জয় বাংলা’, ‘পাগলা রাজা’, ‘মৌচোর’, ‘রাজদুলারি’, ‘জাদুনগর’, ‘রজনীগন্ধা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘মহেশখালীর বাঁকে’, ‘বন্দিনী’, ‘বানজারান’, ‘লাল বেনারসি’, ‘লড়াকু’ প্রভৃতি।